
শেষ আপডেট: 16 July 2023 08:18
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঘুমন্ত অবস্থায় কালাচ সাপের ছোবলে (Canning Snake Bite) অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ও তাঁর দুই মেয়ে। তাদের তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ছয় বছরের শিশু হালিমা সর্দারের মৃত্যু (Death) হয়। ওই মহিলা ও তাঁর বড় মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকার নিতারিঘাটা গ্রামপঞ্চায়েতের পাঙ্গাশখালি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছালেমা সর্দার বাড়িতে দুই মেয়ে হালিমা ও রেশমার সঙ্গে ঘুমোচ্ছিলেন। রাত দুটোর সময় পায়ে কিছু কামড়ানোর অনুভূতি হওয়ায় আচমকাই তাদের ঘুম ভেঙে যায়। লাইট জ্বেলে দেখেন, বিছানায় একটি কালাচ সাপ। তিনজনের চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। সাপটিকে ধরার চেষ্টা করলেও সেটি পালিয়ে যায়।
পরিস্থিতি বেগতিক দেখে তাদের ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শুরু হয় তাদের। ২৫টি অ্যান্টি ভেনম ইঞ্জেকশন দিয়েও ছয় বছরের হালিমাকে বাঁচানো যায়নি। মা ছালেমা বিবির অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও পরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে। ক্যানিং হাসপাতালে এখনও তিনি চিকিৎসাধীন। এদিকে ১২ বছরের কিশোরী রেশমাকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, ছালেমার স্বামী রাজ্জাক সর্দার পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে এখন আন্দামানে থাকেন। দুই মেয়ে হালিমা ও রেশমাকে নিয়ে একাই ক্যানিংয়ে থাকেন ছালেমা। এই ঘটনার কথা জানতে পেরে রাজ্জাক আন্দামান থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন।
ক্যানিং হাসপাতালের চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ১৬ জুলাই বিশ্ব সর্প দিবসে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, সাপের দংশন নিয়ে সচেতনা ছড়ানো হচ্ছে। তবু মানুষ সচেতন হচ্ছে না। এই ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ। ওঝার কাছে না নিয়ে গিয়ে, যদি সময় মতো তিনজনকেই হাসপাতালে নিয়ে আসা হত, তাহলে ছোটো শিশুটিকে বাঁচানো সম্ভব হত।