
শেষ আপডেট: 10 April 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো: টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে বাংলায়। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলাও চলছে। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে ইডি-সিবিআই। এবার এমনই আরও একটি মামলার তদন্তে জন্য সিবিআইকে দায়িত্ব (CBI Probe) দিল কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি মেদিনীপুরে টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে মামলা হয় হাইকোর্টে। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলার শুনানিতে বলেন, 'চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার নতুন নতুন অভিযোগ প্রতিদিন সামনে আসছে। তবে এটাও ঠিক যে সব অভিযোগ সত্য নয়, আবার সব অভিযোগ একই রকমও নয়।'
এরপরই তিনি বলেন, আদালত চায় এই নতুন যে অভিযোগ উঠেছে তা সিবিআই তদন্ত করে প্রাথমিক একটা রিপোর্ট জমা দিক। তারা দেখুক এখন সিবিআই যে রকম মামলার তদন্ত করছে তার সঙ্গে এই অভিযোগের কোনও মিল রয়েছে কিনা।
মামলাকারী অভিযোগ করেন, তাঁর থেকে খাদ্য ও স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোনও চাকরি দেওয়া হয়নি। মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, 'সত্য সামনে আনাই যে কোনও তদন্তের মূল কথা। নিরপেক্ষ তদন্ত কাম্য।' এদিন আদালতে রাজ্যের এজি বলেন, সিবিআই এখন যে তদন্তের বিষয় আর এই মামলার বিষয় এক নয়।
তবুও হাইকোর্ট বলে, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া অপরাধ। চার্জশিট পেশ হয়ে গেছে। তবু নিরপেক্ষ তদন্ত সামনে আসা দরকার। এই নিয়ে সিবিআই তদন্ত করে তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিক।
মানিকের আবেদনে সাড়া দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি