
শেষ আপডেট: 30 July 2023 06:52
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত থেকেই ভেন্টিলেশনে। তবে রবিবার সকালে খানিকটা উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শারীরিক পরিস্থিতির। হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে চোখ মেলে তাকিয়েছেন বুদ্ধবাবু। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিন প্রকাশ করে জানায়, দুপুরে চেস্ট এক্স-রে এবং সিটি স্ক্যান (CT Scan) হতে পারে। এই নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক চলছে।
রবিবার বেলা ১১টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়, এদিন দুপুরে তাঁর সিটি স্ক্যান করানো হতে পারে। ওঁর সিওপিডি কী অবস্থায় আছে, নিউমোনিয়া কতটা গুরতর, সেসবই সিটি স্ক্যান থেকে জানা যাবে। এছাড়াও সংক্রমণের জেরে ফুসফুসের কতটা ক্ষতি হয়েছে, তাও সিটি স্ক্যান করে বোঝা যাবে। এই পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে, বুদ্ধবাবুকে আর কতদিন ভেন্টিলেশনে রাখতে হবে।

আপাতত হাই ডোজ অ্যান্টিবায়োটিক চলছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের দু’দিকেই সংক্রমণ হয়েছে। বাঁদিকে সংক্রমণ খুব বেশি। ফুসফুসে জমে থাকা কফ বের করতে নেবুলাইজেশন করা হয়েছে। এছাড়াও তাঁর শরীরে ক্লেবশিয়েলা নামে এক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়ার খোঁজ পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট বাড়তে থাকায় শনিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। উডল্যান্ডস হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স গিয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তাঁকে নিয়ে আসে। এরপর শনিবার রাত থেকেই ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধবাবু। রাতে বুদ্ধবাবুর রক্তচাপ, অক্সিজেন, ইউরিন আউটপুট মোটামুটি ঠিক ছিল। তবে ব্লাড সুগারটা একটু বেশি ছিল।
রবিবার সকালে ভেন্টিলেশনে রেখেই রাইলস টিউব দিয়ে তাঁকে একটু খাবার খাওয়ানো হয়। সূত্রের খবর, শনিবার হাসপাতালে আসার পর থেকে কিছুই খাওয়ানো হয়নি তাঁকে। তাই রবিবার ভেন্টিলেশনে রেখেই পরানো রাইলস টিউব দিয়েই খাবার খাওয়ানোর বন্দোবস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার সকালেও ভেন্টিলেশনে বুদ্ধবাবু, রাইলস টিউব দিয়ে খাওয়ানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে