
শেষ আপডেট: 23 May 2023 12:48
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাপের ছোবলে (Snake Bite) মৃত্যু হল তেরো বছরের কিশোরের। ঘটনার পর থেকেই শোকাহত গোবরডাঙার (Gobordanga) কৃষ্ণনগর এলাকার মানুষ। মৃত ওই কিশোরের নাম শান্তনু দাস।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সন্ধেয় মাঠ থেকে ফুটবল খেলে বাড়ি ফিরেছিল শান্তনু। রাতে মা ও দাদা সঙ্গে একটি ঘরে ছিল সে। পরে শান্তনু অন্য ঘর থেকে মোবাইল ফোন আনতে যায়। সেই সময় তার পায়ে ছোবল মারে একটি বিষধর সাপ।
শান্তনুর মা লক্ষ্য করেন ছেলের পা থেকে রক্তক্ষণ হচ্ছিল। তাই তড়িঘড়ি পাড়া ক্লাব থেকে কিশোরের বাবাকে ডেকে পাঠান। ততক্ষণ অসুস্থ হয়ে পড়ে ওই শান্তনু। ঘণ্টাখানেক বাদে তাকে বাউগাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরিবারের লোকজন জানতে পারেন, ওই কিশোরকে বিড়ালে আঁচড় নয়, সাপে ছোবল মেরেছে। কিশোরের অবস্থার অবনতি হলে তাকে হাবরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনা জানা পরেই গোটা এলাকা শোকস্তব্ধ।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরের আত্মীয়রা তাকে অসুস্থ অবস্থা আনার পর জানতে পারেন আদতে তাকে বিষধর সাপে ছোবল মেরেছে। তাঁরা ভেবেছিলেন বিড়ালে আঁচড় দিয়েছে। অনেকক্ষণ সময়ে পেরিয়ে যাওয়ায় বিষ কিশোরের শরীরের ছড়িয়ে পড়েছিল। অ্যান্টি ভেনম ইনজেকশন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি ওই কিশোরকে।
এরপরেই এলাকার মানুষ ওই বিষধর সাপকে খুঁজতে বনদফতরে খবর দেয়। ওই কিশোরের বাড়ির পাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি সাপটির।