
শেষ আপডেট: 14 December 2019 07:36
প্রকল্প শেষ হতেই আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, রাজ্য সরকারের বরাদ্দ করা অর্থ ও আসানসোল পুরনিগমের অর্থে কুলটির জল প্রকল্প অবশেষে সম্পূর্ণ হয়েছে। যাঁরা এই প্রকল্প থেকে জল নিতে চাইবেন, তাঁদের আবেদন করতে হয় পুরসভায়। তবে জিতেন্দ্র তিওয়ারি বলছেন, যাঁরা মনে করেন বাবুল সুপ্রিয়র দেওয়া অর্থে এই প্রকল্প হয়েছে, তাঁরা যেন জলের সংযোগের জন্য সাংসদের কাছেই আবেদন করেন। যাঁরা মনে করবেন যে জিতেন্দ্র তিওয়ারির জন্য এই প্রকল্প সম্পূর্ণ হয়েছে, তাঁরা যেন আবেদন করেন পুরসভায়।
জিতেন্দ্র তিওয়ারি বিভাজনের রাজনীতি করছেন বলে মনে করেন বিজেপির আসানসোল জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই। তিনি দাবি করেন, কুলটির জল প্রকল্পের জন্য কেন্দ্র থেকে টাকা এনে ছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, এই প্রকল্পের জন্য তিনি তাঁর সাংসদ কোটার টাকাও দেন। কিন্তু মেয়র মিথ্যা বলছেন। তিনি বলেন, “আসানসোল পুর এলাকায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আসে কিন্তু বর্তমান মেয়র সেসব ধামাচাপা দিয়ে নিজেদের নাম করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন।”
আসানসোলের মানুষকে এই প্রকল্প সম্বন্ধে জানাতে একটি পদযাত্রা ও জনসভা করেন লক্ষ্মণ ঘড়ুই।
বিজেপি নেতার দাবি নস্যাৎ করে দিয়েছেন কুলটির তৃণমূল কাউন্সিলর অভিজিৎ আচার্য। তিনি বলেন, “ট্যাঙ্ক তৈরির সময় জমি মাফিয়ারা সমস্যা করেছিল। পাইপ পাতার সময় সমস্যা হয়েছিল। মেয়র জিতেন্দ্র তিওয়ারি সেই সব সামলে সময়মতো প্রকল্পের কাজ শেষ করেছেন। এজন্য তাঁকে সংবর্ধনা দেওয়া উচিত বিজেপির।”