
শেষ আপডেট: 28 August 2020 08:07
জামুড়িয়া বিধানসভার অন্তর্গত শ্যামল গ্রাম পঞ্চায়েতের ভুড়ি এলাকায় অজয় নদীর প্রায় মাঝ বরাবর বালি মাফিয়ারা গাড়ি নামিয়ে বালি তুলছিল নদীর বুক থেকে। সে সময় হঠাৎ সেখানে অভিযানে চলে যান জামুড়িয়ার বিডিও কৃশানু রায়। সঙ্গে ছিলেন ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরাও। ভরা অজয়ের বুকে বালি মাফিয়াদের কাছে পৌঁছতে আধিকারিকদের প্রায় এক গলা জলে নামতে হয়েছিল বলে জানান জামুড়িয়ার ভূমি কর্মদক্ষ অনিমেষ চক্রবর্তী।সে সময় মাঝ নদীতে এক ডজনেরও বেশি গাড়ি ছিল। কিন্তু অভিযানের কথা কোনোভাবে চাউর হয়ে যেতেই মাফিয়ারা গাড়ি নিয়ে গা ঢাকা দেয়।
অনিমেষ বাবু জানান, জীবনের ঝুঁকি নিয়ে তারা কোনওরকমে মাফিয়াদের দুটি গাড়িকে সিজ করতে পেরেছেন। কিন্তু নদীর জলের সুযোগ নিয়ে অন্যান্য গাড়িগুলো পালিয়ে যায়। নদীতে এত জল থাকা সত্ত্বেও কিভাবে বালি মাফিয়ারা ভরা বর্ষায় নদীর বুক থেকে বালি তুলছিল, সে কথা ভেবেই গা শিউরে উঠছে বলে জানান অনিমেষ বাবু। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে জামুড়িয়ার বিডিও কৃশানু রায় জানান, যখনই তাঁদের কাছে এই ধরনের অভিযোগ এসেছে,তাঁরা অভিযানে সামিল হয়েছেন। বালি মাফিয়াদের বিরুদ্ধে এই ধরনের অভিযান জারি থাকবে। কোন অবস্থাতেই অজয় নদী থেকে নিয়ম ভেঙে মাফিয়াদের বালি তুলতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
জীবনের ঝুঁকি নিয়ে বিডিও সহ প্রশাসনের এ ধরনের অভিযানে স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুব খুশী।