
শেষ আপডেট: 27 October 2022 03:28
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পুলিশ ডেকে প্রতারক প্রেমিককে (boyfriend) ধরিয়ে দিলেন প্রেমিকা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেয়েটির কিছু ছবি বিকৃত (cyber crime) করে ব্ল্যাকমেল (blackmail) করছিল ওই যুবক। অভিযুক্তের নাম পীযূষ মিশ্র। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Jalpaiguri)।
জানা গিয়েছে, জলপাইগুড়ির বাসিন্দা ওই যুবতীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় পাটনার এক তথ্যপ্রযুক্তি কর্মীর। এরপরই ধীরে ধীরে তাঁদের যোগাযোগ আরও পোক্ত হয়। বাড়তে থাকে ঘনিষ্ঠতাও। অভিযোগ, এর কিছুদিন পর থেকেই সম্পর্কের সুযোগ নিয়ে যুবতীকে ব্ল্যাকমেল শুরু করে ওই যুবক। এরপর মেয়েটির কিছু ছবি ফেসবুক থেকে সংগ্রহ করে সেগুলি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে বিভিন্ন সময় মোটা টাকা আদায়ও করে সে।
বিষয়টি খারাপ দিকে যাচ্ছে বুঝতে পেরে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় ওই যুবতী। কিন্তু এরপরেও সেই যুবক বিভিন্নভাবে তাঁকে উত্যক্ত করতে থাকে। শেষে অন্য কোনও পথ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই যুবতী। অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি সাইবার থানায়। এরপর যুবককে পুলিশের হাতে তুলে দিতে নিজেই ফাঁদ পাতে যুবতী। দেখা করার অছিলায় তাকে জলপাইগুড়ি ডেকে আনে। তখনই অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।
বুধবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ঘটনায় সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ওই যুবক-যুবতীর কিছু ছবি ফেসবুক থেকে সংগ্রহ করে সেটাকে এডিট করে ব্ল্যাকমেল শুরু করে। এমনকি পঞ্চাশ হাজার টাকাও বাগিয়ে নেয়। এরপর যুবতী সাইবার থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। বিচারক ধৃতের দু'দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।
বাসন্তীতে বিজেপি নেতাকে বেধড়ক মার, ফাটল পাকস্থলী, কাঠগড়ায় তৃণমূল