
শেষ আপডেট: 10 April 2023 07:48
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডে (Asansol blanket distribution case) জামিন পেলেন বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। দিল্লির নয়ডা থেকে তাঁকে গ্রেফতার করেছিল আসানসোল থানার পুলিশ। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। সোমবার কলকাতা হাইকোর্ট জিতেন্দ্রকে শর্তসাপেক্ষে জামিন দিল।
জিতেন্দ্রকে গ্রেফতার করে বাংলায় নিয়ে আসার পর তাঁকে ঘিরে একের পর এক ঘটনা ঘটেছে। আসানসোল জেলে বন্দি অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন জিতেন্দ্র। আসানসোল জেলা হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যালে। কিন্তু অসুস্থতা বাড়তে থাকায় বর্ধমান মেডিক্যাল আবার জিতেন্দ্রকে রেফার করে দেয় কলকাতায়।
তারপরই বিজেপি নেতাকে সোজা নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জিতেন্দ্রকে দেখে বলে, ভর্তির প্রয়োজন নেই। তারপর থেকেই প্রেসিডেন্সি জেলে ছিলেন জিতেন্দ্র।
সোমবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে জিতেন্দ্রর জামিনের মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত জিতেন্দ্রর জামিন মঞ্জুর করে। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন জিতেন্দ্র। কিন্তু এখনই আসানসোল পুরসভা এলাকায় ঢুকতে পারবেন না বিজেপি নেতা। ডিভিশন বেঞ্চের নির্দেশ, হাইকোর্টের অনুমতি ছাড়া ওই এলাকায় যেতে পারবেন তিনি।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়েছিল। জিতেন্দ্র ও তাঁর স্ত্রী ছিলেন সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। ওই ঘটনাতেই জামিন অযোগ্য ধারায় জিতেন্দ্র ও চৈতালির নামে মামলা দায়ের হয়েছিল।
প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা ফেরাতে হবে সোমবারই, পুলিশকে নির্দেশ হাইকোর্টের