
শেষ আপডেট: 9 September 2023 05:52
দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে দু’শো পারের স্লোগান তুলেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। ফল প্রকাশের পর অবশ্য দেখা যায় তৃণমূল একক সংখ্যা গরিষ্ঠতায় ফের তখতে ফিরেছে। ব্যতিক্রমী ছিল ধূপগুড়ি। তৃণমূল প্রার্থীকে ৪ হাজার ৩৫৫ ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়।
বিষ্ণুপদবাবুর অকাল প্রয়াণের জেরেই উপ নির্বাচন (Dhupaguri By Election)। যেখানে বিজেপির তাপসী রায়কে ৪ হাজার ৩০৯ ভোটে হারালেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। ২৮ মাসে কী এমন ঘটল যে জেতা আসনে ভরাডুবি নেমে এল? কেন ভোটারদের মন জয় করতে পারল না বিজেপি (Bjp)?
সেকারণেই ধূপগুড়ি উপ নির্বাচনের ফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে হারের কারণ খুঁজতে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের দূত হিসেবে রাজ্যে আসছেন বি এল সন্তোষ। শনিবার দুপুরেই রাজ্যে এসে পৌঁছনোর কথা শাহী 'দূতে'র। হারের কারণ খুঁজতে আগামী দু’দিন ধরে দলীয় নেতৃত্বর সঙ্গে বৈঠক করবেন তিনি। নেতৃত্বর কাছ থেকে হারের কারণ সম্পর্কে সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনে যেতে পারেন ধূপগুড়িতেও (Dhupaguri By Election)।
বস্তুত, ধূপগুড়ির উপ নির্বাচনে নিজেদের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন বিজেপির বঙ্গ নেতৃত্ব। এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে সভা করার পরই রাতারাতি বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়। মিতালীদেবীর দলবদলের ঘটনায় বিজেপির জয় আরও সুনিশ্চিত হল বলেই ঘরোয়া আলোচনায় দাবি করেছিলেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। যদিও শুক্রবার ফল প্রকাশের পর দেখা যায়, নিজেদের জেতা আসনেই চার হাজারের বেশি ভোটে পরাজিত হতে হয়েছে বিজেপিকে।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে কেন্দ্রের মোদী সরকারকে পরাস্ত করতে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ আঞ্চিলক দলগুলি একত্রিতভাবে গড়েছে ইন্ডিয়া জোট। শীর্ষ নেতৃত্বর নির্দেশ, ইন্ডিয়া জোটকে আটকাতে বাংলা থেকে বেশি সংখ্যক আসনে বিজেপি প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে হবে। সেখানে ধূপগুড়ির পরাজয় যথেষ্ট হতাশার বলেই মনে করছেন নেতৃত্বদের একাংশ। সেকারণেই সাংগঠনিক ঘাটতি খতিয়ে দেখতেই বি এল সন্তোষের দু’দিনের এই ঝটিতি সফর বলেই মনে করছেন নেতৃত্বরা।
আরও পড়ুন: ধূপগুড়ির হার নিয়ে আত্ম সমালোচনা সিপিএমের, জামানত বাজেয়াপ্ত বাম প্রার্থীর