চলন্ত ট্রেনের টয়লেটে প্রসব, সহযাত্রী ও রেলের তৎপরতায় হাসপাতালে ভর্তি প্রসূতি ও সদ্যোজাত
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক নিষেধ করেছিলেন, তবুও গুয়াহাটি থেকে তামিলনাড়ুতে যাওয়ার সিদ্ধান্ত নেন দম্পতি। মালদহ পার হওয়ার পরে চলন্ত ট্রেনেই জন্ম হয় পুত্রসন্তানের। সহযাত্রীদের সহায়তায় ও রেলের উদ্যোগে রামপুরহাটে তাঁদের নামিয়ে নিয়ে চিকিৎসা শুরু কর
শেষ আপডেট: 8 January 2020 12:27
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক নিষেধ করেছিলেন, তবুও গুয়াহাটি থেকে তামিলনাড়ুতে যাওয়ার সিদ্ধান্ত নেন দম্পতি। মালদহ পার হওয়ার পরে চলন্ত ট্রেনেই জন্ম হয় পুত্রসন্তানের। সহযাত্রীদের সহায়তায় ও রেলের উদ্যোগে রামপুরহাটে তাঁদের নামিয়ে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।
হামসফর এক্সপ্রেসে সপরিবারে গুয়াহাটি থেকে পেরাম্বুর যাচ্ছিলেন অরুণাচলম শিবরাম স্বামী নামে এক সেনাকর্মী, তাঁর বাড়ি তামিলনাড়ুতে। তিনি মেন্টেন্যান্স বিভাগে কর্মরত। তাঁর স্ত্রী এস বীরশাখাটম্মল অন্তঃসত্ত্বা তবে চিকিৎসক জানিয়েছিলেন সন্তান হতে বাকি আরও এক মাস। এই অবস্থায় অতদূর যেতেও নিষেধ করেন। কিছুটা ভাগ্যের ভরসাতেই ট্রেনে উঠে বসেন তাঁরা।
মঙ্গলবার ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় যন্ত্রণা। সেটি যে প্রসবযন্ত্রণা সেকথা বুঝতে পারেনি এস বীরশাখাটম্মল। ট্রেন মালদহ ছেড়ে যাওয়ার পরে যখন বুঝতে পারেন, তখন আর কিছু করার নেই। ভোররাত তিনটের সময় ট্রেনের বাথরুমেই তিনি জন্ম দেন সন্তানের। ট্রেন তখন রামপুরহাটের দিকে ছুটে চলেছে।

অরুণাচলম শিবরাম স্বামী বলেন, “আমি প্রাথমিক চিকিৎসা সামান্য কিছু জানি, তা দিয়েই কাজ সারি। তবে তখন সহযাত্রীরাও আমাকে সাহায্য করেছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।”
সহযাত্রীদের মাধ্যমে খবর যায় রেলকর্মীর কাছে। তিনি সঙ্গে সঙ্গেই খবর দেন রামপুরহাট স্টেশনে। স্টেশনের কর্মীরা সময় নষ্ট না করে একটি টোটো গাড়ির ব্যবস্থা করে ফেলেন। মা ও সন্তানের কিছু সমস্যা থাকায় তাঁদের চিকিৎসা করার দরকার হয়।
রামপুরহাট স্টেশনে প্রসূতি ও সদ্যোজাতকে নামিয়ে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। চিকিৎসার পরে মা ও সন্তান উভয়েই বেশ কিছুটা সুস্থ। সময়মতো সবকিছু বন্দোবস্ত করে দেওয়ার জন্য রেলকর্মীদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন অরুণাচলম শিবরাম স্বামী।
এটি তাঁদের তৃতীয় সন্তান। ট্রেনে তাঁদের সঙ্গেই ছিলেন আরও দুই সন্তান। মূলত তাদের দেখভালের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্যই তামিলনাড়ুতে নিজের বাড়িতে যাচ্ছিলেন ওই দম্পতি।