
শেষ আপডেট: 21 March 2022 05:17
দ্য ওয়াল ব্যুরো: হোমগার্ডের চাকরি করেন, কিন্তু সময় পেলেই বিভিন্ন সংবাদপত্রে চিঠি লেখেন তিনি। তাঁর লেখা প্রচুর চিঠি প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদপত্রে। লেখা তাঁর শখ। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের ওপর চিঠি লিখে থাকেন তিনি। কিন্তু সেই চিঠি লেখার শখই যে তাঁকে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডে' (India Book of Record) জায়গা করে দেবে তা ভাবতে পারেননি বীরভূম জেলা পুলিশের হোমগার্ড মুন্সি দরুদ সাহেব (Birbhum Homegaurd Record)।
জানা গেছে, ভারতের ৩১টি সংবাদপত্র ও রেডিওতে মুন্সির চিঠি ছাপা ও সম্প্রসারিত হয়েছে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, গান ইত্যাদি বিষয় নিয়ে প্রচুর চিঠি লিখেছেন। সেই কারণে নানা পুরস্কারও পেয়েছেন তিনি। গতবছরই ভারত সরকার অনুমোদিত ম্যাজিক বুক অব রেকর্ড অনুযায়ী জাতীয় রেকর্ড করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল নয়া রেকর্ড।
লাভপুরের কাজিপাড়ার বাসিন্দা মুন্সি দরুদ সাহেব কাজ শুরু করেন তামিলনাড়ুর এক বেসরকারি সংস্থাতে নিরাপত্তারক্ষী হিসেবে। পরে রাজ্যে ফিরে হোমগার্ডের চাকরিতে যোগ দেন। লেখালেখি করা তাঁর ছোটবেলা থেকেই শখ। বাবাকে লিখতে দেখতেন, সেই থেকে যেকোনও বিষয় চোখে পড়লে বা মাথায় এলেই লিখে ফেলতেন। কাজের চাপেও সেই শখকে হারিয়ে যেতে দেননি মুন্সি।
২০১২ সালে তাঁর লেখা প্রথম চিঠি প্রকাশিত হয় এক দৈনিক সংবাদপত্রে। তারপর থেকে নিয়মিত বিভিন্ন সংবাদপত্রে তাঁর লেখা ছাপা হয়েছে। এখনও পর্যন্ত ৪৮৫টি চিঠি প্রকাশিত হয়েছে তাঁর। রেডিওতে ১০৫টি চিঠি সম্প্রসারিত হয়েছে।
তাঁর কথায়, গ্রাম বাংলার কথা, মানুষের কথা চিঠিতে তিনি তুলে ধরেন। লোক সংস্কৃতি, লোকগীতি তাঁর চিঠিতে জায়গা করে নিয়েছে। এ রাজ্যের সংবাদপত্র ছাড়াও অসম, ঝাড়খণ্ড, ত্রিপুরার দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাঁর লেখা চিঠি। তাঁর এই কীর্তিতে খুশি জেলা পুলিশ মহল।
ইডির এক্তিয়ার নিয়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেকের স্ত্রী