
শেষ আপডেট: 31 August 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: লাগামছাড়া জিনিসের দামের বিরুদ্ধে বৃহস্পতিবার খাদ্য আন্দোলনের শহিদ দিবসের মঞ্চ থেকে প্রতিবাদ জানাল বামফ্রন্ট (Left Front)। তাঁদের মূল কথায়, যেভাবে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়ছে সেই তুলনায় মানুষের আয় বাড়ছে না। উল্টে টাকার দাম ক্রমশ পড়ছে। তার ফলেই সাধারণ মানুষের জীবন যন্ত্রণা আরও বাড়ছে।
বিমানবাবুর (Biman Bose) তাঁর টিপিকাল ঘরানায় বলেন, “তখন এক কেজি পমফ্রেটের দাম ছিল ১২ আনা। সেখানে ওই ছোট পমফ্রেট এখন ৩০০ টাকা! টাকার দাম কমতে কমতে কোথায় এসেছে দাঁড়িয়েছে দেখুন! সেভাবে কিন্তু মানুষের আয় বাড়েনি। ফলে জীবন যন্ত্রণা বেড়েই চলেছে। তাই বে-রোজগারি, দুর্নীতির প্রতিবাদে আমাদের এই শহিদ সমাবেশ।”

শহিদ স্মরণে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে অস্থায়ীভাবে শহিদ বেদী তৈরি করেছিলেন গণআন্দোলনের কর্মীরা। পরে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন পূর্ত মন্ত্রী যতীন চক্রবর্তী সরকারি উদ্যোগে শহিদ বেদী তৈরি করে দিয়েছিলেন। আর কলকাতা পুরসভা সেই শহিদ বেদী দেখভালের দায়িত্ব নিয়েছিল।
বিমানবাবুর আক্ষেপ, “গতবার শ্রদ্ধা জানাতে এসে দেখেছিলাম, শহিদ বেদীর একাংশ ভেঙে গেছে। বেদী সংস্কারের জন্য ১ মাস আগে চিঠি লিখেছিলাম কর্পোরেশনকে। ওরা অনুমতি দিয়েছে। কিন্তু ওয়ার্ক অর্ডার পাননি কাউন্সিলর। তাই কাজ হয়নি। ভগ্ন শহিদ বেদীতেই মালা দিতে হল।”
তৃণমূলের দখলে থাকা কলকাতা পুরসভাকে খোঁচা দিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, “আমরা চাইলে বেদী সংস্কার করতেই পারতাম। কিন্তু ওরা বলবে, অনধিকার চর্চা করছি। তাই চিঠি দিয়েছিলাম। কিন্তু কিছুই তো হল না!”
শহিদ সমাবেশে বিমান বসু ছাড়াও হাজির ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব প্রমুখ।
আরও পড়ুন: সুশান্তর ফাঁসির সাজায় চোয়াল শক্ত সুতপার বাবার, ভাগ্নের মৃত্যুদণ্ড শুনে অসুস্থ মামা হাসপাতালে