
শেষ আপডেট: 30 September 2021 04:05
জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিআই(এম) প্রার্থী মোদাশ্বার হোসেন ও বিজেপি প্রার্থী মিলন ঘোষ। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে। জঙ্গিপুরে বিধানসভা কেন্দ্রে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি বা প্রায় ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
সকাল থেকে তিন কেন্দ্রে কোনও অশান্তির খবর সামনে আসেনি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে যেখানে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেবেন সেখানে সকাল থেকেই হাজির ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, "জেনুইন ভোট হলে আমিই জিতব। তবে শাসকদল গুণ্ডামি করতে পারে বলে আশঙ্কা করছি।" ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।
[caption id="attachment_2372021" align="alignnone" width="569"]
ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন ৯০ বছরের এক বৃদ্ধা[/caption]
কড়া নিরাপত্তায় ভবানীপুরে ভোট চলছে। বুথে বুথে মোতায়েন পুলিশ-পর্যবেক্ষক। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।
টানা বৃষ্টিতে ভবানীপুর গতকাল থেকেই জলমগ্ন। দ্রুত জমা জল বের করে দেওয়ার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে ভবানীপুরে কাজে লাগানো হয়েছে চারটি গলিপিট ক্লিয়ার ট্যাঙ্ককে। এক একটি ট্যাঙ্কের ক্যাপাসিটি দু'হাজার লিটার করে। তবে জল ভেঙেই আজ সকাল থেকে ভোট দিতে গেছেন ভোটাররা।
ভবানীপুরে ১৪৪ ধারা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সকাল থেকেই ইভিএম কারচুপি ও বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন তিনি। বেলা গড়াতে ভোট কেন্দ্রে পৌঁছেছেন সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ১৪৪ ধারা নিয়ে তাঁর মত ভিন্ন। সিপিএম প্রার্থীর বক্তব্য, ১৪৪ ধারা থাকলেও দোকানপাট খোলা থাকতে পারে, কারণ এর সঙ্গে মানুষের রুজিরুটি জড়িয়ে আছে। চেতলা বালিকা বিদ্যালয় ঘুরে দেখেন তিনি। জানান, চেতলায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'