
শেষ আপডেট: 19 October 2022 02:15
দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ায় ফের গুলি (Bhatpara Firing)! এবার লক্ষ্য এক তৃণমূল নেতা।
জানা গেছে, গতকাল, মঙ্গলবার ভাটপাড়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে চলছিল বিজয় সম্মিলনী। বিজয় সম্মেলনের শেষ হয়ে যাওয়ার পরে তৃণমূল নেতা গৌরব প্রসাদকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। গৌরবের গা ছুঁয়ে গুলি বেরিয়ে যায়।
ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। গৌরবকে ভাটপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছকু সাউ গলিতে তৃণমূলের পার্টি অফিসে বসে ছিলেন গৌরব। অভিযোগ, ওই সময় কয়েক জন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে আসে। অফিসে ঢুকে তারা গৌরবের সঙ্গে দেখা করে। প্রথমে তাদের মধ্যে খানিক বচসা হয়। তার পর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই যুবককে গুলি করে তারা পালিয়ে যায়। গুলি লাগে গৌরবের কোমরের নীচে।
পরপর দু'টি গুলির শব্দে পার্টি অফিসের সামনে লোকজন জড়ো হয়ে যায়। তাঁরা দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় পার্টি অফিসের মধ্যেই পড়ে রয়েছেন গৌরব।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় গুলি-বোমা লেগেই রয়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় দাবি করেছেন, ভাটপাড়াকে অশান্ত করে তুলতে মরিয়া রাজ্যের বিরোধী পক্ষ। তবে গতকালের ঘটনায় কারা জড়িত, কেন গৌরবকে গুলি করা হয়েছে, ঘটনায় রাজনীতির সরাসরি যোগ আছে কিনা, তদন্ত করে দেখছে পুলিশ।
রামপুরহাটে চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলার ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল!