
শেষ আপডেট: 30 August 2023 08:45
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নেশাগ্রস্ত অবস্থায় লোহার রড দিয়ে মেরে বন্ধুকে খুন (Friend Murder Case) করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম শেখ জুম্মন। পুলিশ সূত্রে জানা গেছে, এই জুম্মন কয়েকদিন আগে জেল খেটে এলাকায় ফিরেছিল।
মঙ্গলবার গভীর রাতে ব্যারাকপুর (Barrackpore) পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পাইপ রোড এলাকায় জুম্মন বন্ধু সন্দীপ দাসের সঙ্গে মদের আড্ডায় বসেছিল। সন্দীপ টোটো চালাতেন। ব্যারাকপুর খটিক পাড়া এলাকায় তাঁর বাড়ি।
সন্দীপের ভাইপো জানান, কয়েকদিন আগে জেল থেকে বাড়ি ফিরেছিল জুম্মন। সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকত। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জুম্মন যুক্ত ছিল বলে তিনি অভিযোগ করেন।
মৃতের আত্মীয়রা জানান, রাতে তাঁদের কাছে ফোন আসে যে জুম্মন সন্দীপকে নেশাগ্রস্ত অবস্থায় লোহার রড দিয়ে ব্যাপক মারধর করেছে। ঘটনাস্থলেই মারা গিয়েছে সন্দীপ (Friend Murder Case) । এই খবর পেয়ে তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ অবশ্য খবর পেয়ে আগেই ঘটনাস্থলে পৌঁছে গেছিল।
পুলিশ জানিয়েছে, দুই বন্ধুর মধ্যে কোনও কিছু নিয়ে বচসা শুরু হয়েছিল। দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সেই সময় অভিযুক্ত নেশার ঘোরে খেপে গিয়ে একাধিক বার রড দিয়ে সন্দীপের মাথায় আঘাত করে। তাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সন্দীপ। সেখানেই সে মারা যায়। পুলিশ পরে জুম্মনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, রাত তিনটের সময় এই ঘটনার কথা পুলিশ ফোন করে তাঁকে জানায়। জুম্মন এলাকায় বহু অপরাধের সঙ্গে যুক্ত। কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় এসেছে। ফের এমন জঘন্য ঘটনা ঘটাল। পুলিশ বিষয়টিকে দেখছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে তারা।
আরও পড়ুন: ট্যাটুই ধরিয়ে দিল 'ওয়ান্টেড' খুনিকে, স্থায়ী কালিতে গায়ে আঁকা স্টাইল স্টেটমেন্টই কাল হল