দ্য ওয়াল ব্যুরোঃ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে সরাসরি শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন শিক্ষিকা। ব্রাত্য বসুকে চিঠি লিখে জানালেন অভিযোগ।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। সেখানকার একটি স্কুলেই পড়ান ওই শিক্ষিকা। তিনি ওই স্কুলে গত ১৭ বছর ধরে চুক্তির ভিত্তিতে কর্মরত। প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাঁর অভিযোগ বিস্ফোরক। তিনি বলেছেন, স্কুলের টিচার্স রুমে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন প্রধান শিক্ষক। আর সেই ক্যামেরা দিয়েই তিনি নজরদারি চালান। এখানেই শেষ নয়, শিক্ষিকা জানিয়েছেন, প্রধান শিক্ষক ওই ক্যামেরা দিয়ে তাঁকে দেখেন এবং নিজের যৌন লালসা মেটান। প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছেন বলেও জানিয়েছেন তিনি। অভিযোগ করেছেন, স্কুলে তাঁকে নানাভাবে হেনস্থা করা হয়। কোনও সহযোগিতা করে না কেউ।
এই সমস্ত অভিযোগ জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখেছেন ওই শিক্ষিকা। আবেদন জানিয়েছেন তাঁকে বোলপুরের কাছাকাছি অন্য কোনও স্কুলে যেন বদলি করে দেওয়া হয়। কারণ তাঁর বাড়ি বোলপুরে। সেখান থেকে এত পথ অতিক্রম করে স্কুলে যেতে তাঁর অনেক সমস্যা হয়। আর অভিযোগ, তারপরেও নাকি তাঁকে তেমন ক্লাস দেওয়া হয় না। দু’একটা ক্লাস দিয়ে বসিয়ে রাখা হয় টিচার্স রুমেই।
শিক্ষামন্ত্রীকে লেখা ওই চিঠির কপি পৌঁছে গেছে শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকদের কাছেও। এছাড়া পূর্ব বর্ধমানের জেলাশাসককেও তা পাঠানো হয়েছে।
স্কুলের ওই শিক্ষিকার অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তিনি পাল্টা এই ঘটনায় আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন তিনি নিজেও শিক্ষামন্ত্রীকে চিঠি লিখবেন।