
শেষ আপডেট: 6 November 2022 12:49
দ্য ওয়াল ব্যুরো: টাকা দিলেই তবে মৃতদেহ ছাড়া হবে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে (Bardhaman Medical College Hospital) মৃত বাবার দেহ নিতে গিয়ে এমনই হুমকির মুখে পড়তে হল মৃণালকান্তি কোলেকে। দুর্ঘটনায় মৃত কৃষ্ণচন্দ্র কোলের ময়নাতদন্তের পর দেহ নিতে হাসপাতাল মর্গের ডোমেদের সঙ্গে বচসায় জড়ালেন পিতৃহারা ছেলে। অভিযোগ, শেষে সাড়ে তিন হাজার টাকা দিয়ে দেহ ছাড়াতে বাধ্য হন তিনি। শুনতে হয়, 'এখানে টাকা ছাড়া কাজ হয় না…।'
জানা গেছে, অভিযোগকারী মৃণালের বাড়ি মেমারি থানার পাল্লারোডের কাঁটাটিকর গ্রামে। তাঁর অভিযোগ গত ১ নভেম্বর পথ দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর বাবা। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। পরেরদিন সেখানে বাবার দেহ নিতে গিয়েই মর্গের ডোমেদের সঙ্গে গন্ডগোলে জড়ান তিনি। তাঁর অভিযোগ, দেহ ছাড়ার জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন ডোমেরা। কিন্তু সেই টাকা দিয়ে অস্বীকার করায় বচসা শুরু হয়।
এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ জানান মৃণাল। সেই অভিযোগপত্রে তিনি লেখেন, মৃতদেহ হস্তান্তর করার জন্য টাকা নিয়ে দরাদরি করেন ডোমেরা। সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটবে তা ভাবতে পারেননি তিনি। শেষে সাড়ে তিন হাজার টাকায় দেহ হস্তান্তর করা হয়।
এই ঘটনার সুবিচার দাবি করেছেন মৃত কৃষ্ণচন্দ্রবাবুর ছেলে ও পরিজনেরা। অভিযোগপত্রে ডোমেদের এই দুর্ব্যবহারের কথা উল্লেখ করে মৃণাল জানান, ডোমেরা তাঁকে জানিয়েছেন, 'মর্গে টাকা ছাড়া কাজ হয় না। টাকা দিতেই হবে।'
এই ঘটনা নিয়ে বর্ধমান হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়ে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। যদিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। তিনি জানিয়েছেন, “অভিযোগপত্র এখনও হাতে পায়নি। তবে এমন ঘটনা যদি ঘটে থাকে, তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"জেলার পুলিশ সুপার জানিয়েছেন, “অভিযোগর বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হবে।"
বানতলায় সিপিএমের মিছিল শুরুর আগে হামলা, আহত ৭! অভিযোগের তির তৃণমূলের দিকে