
শেষ আপডেট: 27 September 2023 11:22
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ব্যবসায়ীরা ছিলেন তাদের টার্গেট। সিবিআই অফিসার পরিচয় দিয়ে দিনের পর দিন ব্যবসায়ীদের কাছ টাকা হাতিয়ে কোটি টাকা জমিয়েছিল। অবশেষে ধরা পড়ে গেল সমস্ত কেরামতি। পুলিশের জালে ধরা পড়ল দুই প্রতারক (Barasat Money Fraud)। দুজনকেই গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা।
পুলিশ জানিয়েছে, সোদপুরের এক বাসিন্দা তারক রায় প্রতারণার অভিযোগ জানাতেই এই ঘটনা তাদের নজরে আসে। তারক রায়ের একটি ব্যবসা রয়েছে। অভিযুক্তরা তারক রায়ের কাছে গিয়ে সিবিআই অফিসার পরিচয় দিয়ে তাঁর ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র দেখতে চায়। সেখানে কিছু ভুল ত্রুটি রয়েছে বলে ভয় দেখানোর চেষ্টা করে।
দীর্ঘদিন ধরে এই চক্রের খোঁজ চালাচ্ছিল পুলিশ। পরে গোপন সূত্রে খবর পেয়ে চরকডাঙ্গা এলাকায় অভিযান চালায়। সেখানে সৌমেন মুখোপাধ্যায় ও জয়শ্রী কর নামে দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের নাগাল পেতে চাইছে সাইবার ক্রাইম আধিকারিকরা।
আরও পড়ুন: প্রতারিত হয়ে বিচার চাইতে গেলে মহিলাকে যৌন হেনস্থা! সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ