
শেষ আপডেট: 8 August 2022 11:36
দ্য ওয়াল ব্যুরো: শ্রাবণের চতুর্থ সোমবার। মহাদেবের (Lord Shiva) পুজোর জন্য আদর্শ এই দিন। গোটা মাসজুড়েই শিবভক্তদের পুজোর আতিশয্য থাকে চোখে পড়ার মতো। কিন্তু বাঁকুড়ার (Bankura) সঙ্গীতা এই শ্রাবণে যে কাজ করে দেখালেন তা সকলকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। শিবপুজো করার জন্য নিজে হাতে বরফের শিবলিঙ্গ (Lingam) বানালেন তিনি। তাঁরই মাথায় ঢাললেন জল।
বাঁকুড়া শহরের লোকপুর এলাকার বাসিন্দা সঙ্গীতা পাত্র। ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেছেন তিনি। আপাতত গৃহবধূ, সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। সঙ্গীতার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে বলে জানা গেছে, তাতে ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। এহেন সঙ্গীতাই বরফের শিব বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। আস্ত অমরনাথের মন্দিরটাই যেন নামিয়ে এনেছেন বাঁকুড়ায়।
সঙ্গীতা জানান, তিনি শিবের ভক্ত। অমরনাথ (Amarnath Yatra) যাওয়ার সাধ, সাধ্য দুইই আছে তাঁর। কিন্তু তবু কখনও যাওয়া হয়ে ওঠেনি উত্তরভারতের সেই মহান শৈবতীর্থে। তাই বাড়িতেই বরফ দিয়ে অমরনাথের মতো শিবলিঙ্গ বানিয়ে ফেলেছেন তিনি।
তিনি আরও জানান, ভেবেছিলেন বাড়ির কাছাকাছি কোনও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। তাঁর বাড়িতে কোনও শিবলিঙ্গ ছিলও না। তাই বরফের শিবলিঙ্গ বানিয়ে ফেলেছেন নিজেই। শ্রাবণের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার নিজে হাতে বানানো সেই শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছেন তিনি।
কথিত আছে এই শ্রাবণ মাসেই সুর ও অসুরের সমুদ্রমন্থন হয়েছিল। তাতে উঠে এসেছিল হলাহল বিষ। জগতকে বাঁচাতে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব। তাই এই শ্রাবণ মাস তাঁকেই উৎসর্গ করা হয়।
অন্য একটি মতে বলা হয়, দেহত্যাগের পর পার্বতী রূপে পুনরায় জন্ম নেন সতী। এই শ্রাবণ মাসেই হয় তাঁদের পুনর্মিলন। শ্রাবণ মাসে শিব মর্ত্যে তাঁর শ্বশুরবাড়িতে আসেন বলেও বিশ্বাস করেন অনেকে। তাই এই মাসে চারদিকে শিবভক্তরা দেবাদিদেবের আরাধনায় মেতে ওঠেন। বাঁকুড়ার সঙ্গীতাও এই শ্রাবণকেই বেছে নিয়েছেন নিজের কীর্তি উন্মোচনের জন্য।
আরও পড়ুন: মাকে মেরে মৃতদেহের পাশেই নিশ্চিন্তে রাত কাটাল ছেলে! নৃশংস কাণ্ড ডুয়ার্সে