
শেষ আপডেট: 28 December 2022 07:19
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাতসকালেই ৬ নম্বর জাতীয় সড়কের উপর বাগনানের কাছে দুষ্কৃতীদের তাণ্ডব। ছিনতাইয়ে বাধা দেওয়ায় শিশুকন্যার সামনেই প্রকাশ্য দিবালোকে ভিনরাজ্যের এক মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা (Bagnan murder)।
মৃতার নাম রিয়া কুমারী। স্বামী প্রকাশ কুমার ও আড়াই বছরের শিশুকন্যার সঙ্গে কলকাতায় আসছিলেন ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা রিয়া। তিনি ঝাড়খণ্ডের সিনেমায় অভিনয় করতেন। গাড়ি চালাচ্ছিলেন প্রকাশ নিজেই। বুধবার ভোর ৬টা নাগাদ শৌচকর্ম করার জন্য বাগনানের মহিষরেখা সেতুর কাছে গাড়ি দাঁড় করান প্রকাশ। সেই সময় তাঁদের গাড়িতে চড়াও হয় ৩ জন সশস্ত্র দুষ্কৃতী। গাড়িতে সেই সময় ছিলেন রিয়া এবং তাঁদের মেয়ে। দুষ্কৃতীরা ছিনতাইয়ের চেষ্টা করতেই তাতে বাধা দেন রিয়া। এগিয়ে আসেন প্রকাশও।
তারপরেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা (miscreants shoots woman)। তাঁর কানের নীচে গুলি লাগার ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। সেই অবস্থাতেই টাকাপয়সা এবং অন্যান্য জিনিস ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
প্রকাশ গুলিবিদ্ধ স্ত্রীকে তুলে কোনও মতে গাড়ি চালিয়ে রাজাপুর পীরতলা এলাকায় এসে স্থানীয়দের খবর দেন। এলাকার লোকজন খবর দেন থানায়। পুলিশ এসে রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যেহেতু প্রকাশই ঘটনার একমাত্র সাক্ষী, তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে গেছে পুলিশ। শুধুমাত্র ছিনতাইয়ে বাধা দিতে গিয়েই রিয়া খুন হলেন কিনা, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
‘খাবার কখন পাব?’ বক্তৃতার মাঝেই অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠলেন দর্শক, পাক প্রধানমন্ত্রী যা করলেন…