
শেষ আপডেট: 16 December 2022 03:19
দ্য ওয়াল ব্যুরো: বাগডোগরা এয়ারপোর্ট (Bagdogra Airport) ঢেলে সাজার কাজ এ মাস থেকেই শুরু হচ্ছে। ওই বিমানবন্দর আরও বড় ও আধুনিক করে তুলতে রাজ্য সরকার এবছর মার্চে ১০০ একর জমি দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে। সেই জমিতে এবার শুরু হবে বিমানবন্দর আধুনিকীকরণের কাজ। এজন্য ইঞ্জিনিয়ারিং নকশা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং সংসদে জানিয়েছেন, এই কাজে প্রায় ১৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি জানিয়েছেন, নবকলেবরে সেজে ওঠা বাগডোগরা বিমানবন্দর থেকে চালু হবে একটি পূর্ণাঙ্গ হেলিকপ্টার সার্ভিস। তার জন্য পৃথক একটি জায়গা তৈরি করা হবে বিমানবন্দরের মধ্যে যেখান দিয়ে হেলিকপ্টারের যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সঙ্গে এই এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার পরিষেবা চালু হবে। দিন কয়েক আগে বাগডোগরা থেকে দার্জিলিং মিরিক এবং কার্শিয়াংয়ের সঙ্গে হেলিকপ্টার সার্ভিসের পরীক্ষানিরীক্ষা শেষ হয়েছে। কপ্টার সার্ভিসটি পরিচালনা করবে রাজ্য সরকার।

প্রসঙ্গত বাগডোগরা এয়ারপোর্টের মালিক ভারতীয় বিমানবাহিনী। সেখানে অসামরিক বিমান চলাচল অনেকটাই নির্ভর করে বিমান বাহিনীর প্রয়োজনের উপর।
কিন্তু নতুন ১০০ একর জমির উপরে বিমানবন্দরের বাকি কাজ শেষ হলে অসামরিক বিমান চলাচলে অনেকটা স্বাধীনতা ও গতি ফিরবে।
বাগডোগরা থেকে এখন দিনে ৫০টি বিমান ওঠানামা করে। যাত্রী যাতায়াত করেন প্রায় আট হাজার। কিন্তু উত্তরবঙ্গের চাহিদা অনুযায়ী বিমানবন্দরটিকে সাজাতে পারলে যাত্রী এবং বিমানের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব। অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী গতকাল সংসদে প্রশ্নের জবাবে জানিয়েছেন, বাগডোগরার জন্য প্রথমে ১৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। পরে টাকার অঙ্ক বৃদ্ধি করে ১৮৮৯ কোটি করা হয়েছে। ১৩০০ কোটি টাকা খরচ করা হবে বিমানবন্দরের সৌন্দর্যায়ন এবং যাত্রী পরিষেবার নানা পরিকাঠামো তৈরিতে। বাকি অর্থ বরাদ্দ করা হয়েছে হেলিকপ্টার সার্ভিসের পরিকাঠামো গড়তে।
তিনি জানিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে তাঁর মন্ত্রকের আলোচনা চলছে কীভাবে হেলিকপ্টার পরিষেবা আরও বাড়ানো যায়।
শুধু বাগডোগরাই নয়, গোটা দেশেই চালু বিমানবন্দরগুলি থেকে ছোট ছোট শহরগুলির সঙ্গে হেলিকপ্টার সার্ভিস চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, জানিয়েছেন মন্ত্রী।
দাপিয়ে ব্যাটিং শুরু করল শীত, মরসুমের শীতলতম দিন আজই! উইকেন্ড কেমন কাটবে