
শেষ আপডেট: 23 March 2022 13:21
দ্য ওয়াল ব্যুরো: চিন ফেরত এক বিমানযাত্রীর অস্বাভাবিক মৃত্যু বাগডোগরায়। বুধবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra airport)।
সূত্রের খবর, মৃতার নাম স্মৃতা প্রধান রাই (৪৫)। দিল্লি থেকে বাগডোগরায় (Bagdogra airport) আসছিলেন তিনি। স্মৃতার বাড়ি মিরিক ব্লকের পাহাড়ি গ্রাম শিয়োকে। বিমান সংস্থার কর্মীরা বেলা ১টা নাগাদ বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ওই মহিলাকে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতার স্বামী বিশাল রাই বলেছেন, "স্মৃতা চিনের উহানে কাজ করত। বুধবার সকালে দিল্লিতে এসে আমাকে ফোনে জানায়, বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ বাগডোগরায় নামবে। সেই মতো আমি বিমানবন্দরে এসে খোঁজ করছিলাম। বেলা ১টা নাগাদ বিমানবন্দরের তরফে আমাকে জানানো হয়, স্মৃতাকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। হাসপাতালে এসে জানতে পারি, স্ত্রী মারা গিয়েছে। কীভাবে এমন হল, বুঝতে পারছি না।"
রাজ্য মহিলা কমিশনের রিপোর্ট তলব এসপি-র কাছে
বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলার মৃত্যু কখন ও কীভাবে হয়েছে সে বিষয়ে কিছু জানাননি বিমান সংস্থার কর্মীরা। বিমানের মধ্যে নাকি বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।