
শেষ আপডেট: 26 March 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বিহারের আইভিএফ সেন্টার (IVF Centre) থেকে চুরি যাওয়া শিশুকন্যাকে (Girl Child Rescue) উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ। খদ্দের সেজে ফাঁদ পেতে শিশুপাচার চক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশের বিশেষ তদন্তকারী দল (Siliguri Police)। শনিবার মাটিগাড়া থানাকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে দুই নম্বর গেট এলাকায় অভিযান চালায় তারা।
শিশু বিক্রির খবর গোপন সূত্র থেকে পেয়েছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। চক্রান্তকারীদের ধরতে সেইমতো এসওজির একটি দল অভিযানে নামে। গ্রাহক সেজে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে। পাচারকারীরা পুলিশের এই ফাঁদের বিষয়ে ঘুণাক্ষরে টের পায়নি। তাই তারা কয়েকটি শিশুর ছবি দেখায়। সেই ছবিগুলির মধ্যে সদ্যোজাত থেকে এক বছরের শিশুও ছিল। এক-একজন শিশুর ছয় থেকে ১০ লক্ষ দাম হেঁকেছিল তারা। সব দেখে ক্রেতার বেশে থাকা পুলিশ ওই সাতদিনের শিশুকন্যাকে পছন্দ করে। তখন চক্রান্তকারীরা ওই শিশুর দাম বলে ৭ লক্ষ টাকা। ঠিক হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে লেনদেন হবে। সেই মতো পুলিশ একজন মহিলা কনস্টেবলকে খদ্দের সাজিয়ে সেখানে পাঠায়। আগে থেকেই সাদা পোশাকে এলাকা ঘিরে ফেলে পুলিশ। পাচারকারীরা শিশু নিয়ে সেখানে পৌঁছলে তাঁদের হাতে নাতে ধরে ফেলে। শিশুপাচার চক্র ধরতে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ।
পুলিশি জেরায় অভিযুক্তরা স্বীকার করে, ওই শিশুকন্যাকে বিহারের একটি আইভিএফ সেন্টার থেকে নিয়ে আসা হয়েছিল। তার জন্য বিহারের এক এজেন্টের অ্যাকাউন্টে প্রায় দুই লক্ষ টাকা ট্রান্সফার করেছিল তারা। পরে শিশুটিকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল।
পুলিশ সূত্রের খবর ধৃতদের নাম, বীণা দেবী, প্রতীক দেবনাথ, গৌরীবাহাদুর ছেত্রী ও প্রভা দেবী। এদের মধ্যে প্রতীক এবং গৌরী সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দুজন শিলিগুড়ির সূর্য সেন কলোনির বাসিন্দা। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সাদা বরফে ঢাকা রাস্তাঘাট-কৃষিজমি! হিমাচল বা কাশ্মীর নয়, এদেশের কোন রাজ্যে ঘটেছে এমনটা