
শেষ আপডেট: 6 May 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাতে নয়, একেবারে দিনেদুপুরে ব্যাঙ্ককর্মীর (Attempt to robbery at bank employees house) বাড়িতে ডাকাতির চেষ্টায় (Attempt to robbery) আতঙ্ক ছড়াল শান্তিপুরে। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পটেশ্বরী লেনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বিজয়শঙ্কর দত্তের বাড়ি। গত ২০ বছর ধরে স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকেন অবসরপ্রাপ্ত ওই ব্যাঙ্ককর্মী। বিজয়শঙ্করবাবু জানান, শনিবার দুপুর বারোটা নাগাদ, এক যুবক বাইরে থেকে ডাকলে তিনি দরজা খোলেন। সঙ্গে সঙ্গে ওই যুবক তাঁর গলা টিপে ধরে। তার অন্য হাতে ছিল ছুরি। আলমারিতে যা আছে বের করে দেওয়ার জন্য হুমকি দিতে থাকে সে। বিজয়শংকরবাবু এবং তার স্ত্রী মৌসুমী এতটাই ভয় পান যে চিৎকার করে ওঠেন তাঁরা। শুনতে পেয়ে গলির অপর প্রান্তের বাসিন্দারা ছুটে আসার আগেই বাড়ির বাইরে রাখা মোটরসাইকেল চেপে পালিয়ে যায় ওই দুষ্কৃতী।
বিজয়শংকরবাবুর প্রতিবেশী প্রৌঢ় সুরজিৎ পাল ওই দুষ্কৃতীকে কলার ধরে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তার হাতে ধারালো ছুরি থাকায় শেষরক্ষা হয়নি। এলাকার লোক ছুটে আসায় ঘটনাস্থলেই ছুরি ফেলে দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। আতঙ্কিত সুরজিৎবাবু বলেন, “হাতে ছুরি না থাকলে ওকে ধরে রাখতে পারতাম।”
ব্যাঙ্ককর্মীর স্ত্রী মৌসুমী বলেন, “মাঝেমধ্যেই গলির মধ্যে বিভিন্ন সন্দেহভাজন লোকদের ঘোরাঘুরি করতে দেখি। তবে এমনটা হবে ভাবতে পারিনি।” খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা এবং শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুষ্কৃতীকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ।