
শেষ আপডেট: 15 May 2022 11:29
দ্য ওয়াল ব্যুরো: এক বধূকে ধর্ষণের চেষ্টার (Attempt to Rape) অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিতে গেলে ওই বধূকে বিবস্ত্র করে মারধর করারও অভিযোগ উঠেছে। নির্যাতিতা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহাজমাপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই বধূর স্বামী মালদহ কলেজের অশিক্ষক কর্মী। তাঁর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এলাকায় তিন যুবক ওই বধূর বাড়িতে যায় এবং তাঁকে ধর্ষণের চেষ্টা (Attempt to Rape) করে। তিনি বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
তাঁর চিৎকার শুনে ওই বধূর শাশুড়ি ছুটে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবেশীরা ওই বধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা বেপাত্তা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
১৪ বছরের কিশোরের গোপনাঙ্গে হাত দেওয়া, চুমু খাওয়া 'স্বাভাবিক'! বম্বে হাইকোর্টের বিতর্কিত রায়