
শেষ আপডেট: 9 April 2023 18:29
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় নানাবিধ অশান্তি যেন থামছেই না। আজ, রবিবার সন্ধেয়, তৃণমূলের দলীয় কার্যালয় (TMC Party Office) লক্ষ করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল জগৎবল্লভপুর থানার অন্তর্গত পোলগুস্তিয়া এলাকায়।
জানা গেছে, রাত সাড়ে আটটা নাগাদ কয়েকজন বাইকে চেপে এসে হামলা চালায় ওই কার্যালয়ে। ঘটনায় এলাকায় তোলপাড় পড়ে যায়। তৃণমূলের অভিযোগ, আইএসএফ কর্মী-সমর্থকরা এই ঘটনার সঙ্গে যুক্ত।
প্রসঙ্গত, জগৎবল্লভপুরের পাতিহালে আজ আইএসএফ-এর একটি কর্মিসভা ছিল। সেখানেই উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। সভা শেষ হওয়ার পর থেকেই বিশৃঙ্খলা করার চেষ্টা করেন আইএসএফের কর্মী-সমর্থকরা, এমনই অভিযোগ ওই অঞ্চলের তৃণমূল যুব সভাপতি শেখ নিজামের।
তিনি জানান, এধিন সন্ধেয় পার্টি অফিসে তাঁরা বসেছিলেন অন্য দিনের মতোই। তখনই অতর্কিতে হামলা হয়। কয়েকজন জখম হয়েছেন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। কে বা কারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে।
যদিও আইএসএফ-এর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, তৃণমূল কর্মীরা নিজেরাই এসব করে তাদের ওপর দোষারোপ করছে।
'আমার বয়স হয়ে গিয়েছে, বাচ্চা ছেলেরা এগিয়ে আসবে', কোন প্রসঙ্গে এমন বললেন ফিরহাদ