
শেষ আপডেট: 9 October 2023 17:28
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বন্যায় ভেসে আসা গোলা বারুদ উদ্ধারে তিস্তাপারে শুরু হল পুলিশ ও সেনাবাহিনীর জয়েন্ট সার্চ অপারেশন। বুধবার ভোরে মেঘ ভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় সিকিম। বহু মানুষের মৃত্যু হয়। ভেঙে গিয়েছে বাড়িঘর-ব্রিজ-রাস্তা। হড়পা বানে ভেসে গিয়েছে আস্ত সেনা ছাউনি। সেই সঙ্গে ধুয়ে মুছে সাফ করে নিয়ে গিয়েছে ক্যাম্পে মজুত গোলা বারুদ ও অন্য সরঞ্জাম। ঘটনার পর থেকেই তিস্তা নদীতে পরের পর ভেসে আসছে দেহ। দেহ উদ্ধারে তল্লাশি অভিযানের পাশাপাশি সমরাস্ত্র উদ্ধারে জলপাইগুড়ির তিস্তা নদীতে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নামল সেনা। জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন মাল, রাজগঞ্জ, ময়নাগুড়ি ও কোতোয়ালি এই চারটি থানা এলাকা জুড়ে শুরু হয়েছে অভিযান। পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন সেনা জওয়ানরা।
৪ অক্টোবর সিকিম পাহাড়ে বিধ্বংসী বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সেনা ক্যাম্প। এখনও নিখোঁজ সেনা জোয়ানরা। গত কয়েক দিনে তিস্তা নদী থেকে উদ্ধার হয়েছে প্রচুর সমরাস্ত্র। ৫ অক্টোবর কুড়িয়ে আনা শেল ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরের। তাতেই বিপদ বুঝতে পারে প্রশাসন। বিপজ্জনক বস্তুর খোঁজে সার্চ অপারেশন শেষ না হওয়া পর্যন্ত নদীতে না নামার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে জলপাইগুড়ির তিস্তাপাড়ে। একই সঙ্গে নদীতে ভেসে আসা দেহের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত কয়েক দিনে তিস্তা থেকে মোট ৩০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দেহগুলি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কয়েকটি দেহ শনাক্ত হলেও এখনও চিহ্নিত করা যায়নি অনেককেই। পরিবারের নিখোঁজ সদস্যের খোঁজে অনেকেই ভিড় করেছেন হাসপাতালের মর্গে। সব মিলিয়ে এখনও তিস্তাপারে সিকিমের ভয়াবহতার ছায়া।