
শেষ আপডেট: 15 August 2022 11:13
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর (Viswa Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakrabarty) ঘিরে বিতর্ক নতুন নয়। মূলত এতদিন তাঁর বিরুদ্ধে সমালোচনা শানাতেন ছাত্রছাত্রী, আশ্রমিক, বোলপুরের সাধারণ মানুষ তথা বিরোধী দলগুলি। স্বাধীনতা দিবসে সেই তালিকায় যুক্ত হল বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অধুনা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra) নাম।
রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি বিশ্বভারতী। সেই বিশ্ববিদ্যালয়ের উপাচর্য সম্প্রতি রবীন্দ্রনাথকেই বহিরাগত বলেছেন। সেই প্রসঙ্গে অনুপম বলেন, "রবীন্দ্রনাথের তৈরি প্রতিষ্ঠানের উপাচার্য রবীন্দ্রনাথকে বহিরাগত বলছেন। এগুলো উজবুকের মতো কথা না!"
অনুপম আরও বলেন, "উনি নিজেই তো বিশ্বভারতীর কেউ নন। সেদিক থেকে উনিই বহিরাগত।"
সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিশবিদ্যালয়গুলির যে ক্রমতালিকা করেছে তাতে দেখা যাচ্ছে দেশে প্রথম একশোতে নেই এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সেই প্রসঙ্গ টেনে অনুপম বলেন, "উপাচার্যের কাজ বিশ্ববিদ্যালয়ের মান ঠিক রাখা। তা না করে উনি স্থানীয় রাজনীতিতে নাক গলাতে যাচ্ছেন।"
অনুপম স্পষ্ট করেই বলেন, উপাচার্যের মেয়াদ শেষ হয়ে আসছে। তিনি আরও মেয়াদ বাড়ানোর জন্য নিজেকে বেশি বেশি করে বিজেপি প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁর কথায়, প্রাক্তনী থেকে আশ্রমিক-- সাবাই উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ করছেন। অনুপমের বক্তব্য, কেন্দ্রে একাধিক অভিযোগ জমা পড়ছে। যথা সময়ে যা হওয়ার হবে।
সঙ্ঘের ঘরের লোক হিসেবেই পরিচিত বিদ্যুৎবাবু। কিন্তু তিনি যে ভাবে গোটা বিষয়টি বেআব্রু করে দিচ্ছেন তাতে মনে হচ্ছে উপাচার্য নন, পার্টি ক্যাডার হিসেবে কাজ করছেন। তা খুব একটা ভাল দেখাচ্ছে না। এতে যে আসলে রাজনৈতিক ভাবে বিজেপিরই অসুবিধা হচ্ছে তাও বলেন অনুপম।
আরও পড়ুন: অনুব্রত অক্সিজেন পেয়েছেন মমতার বার্তায়, জানালেন তাঁর আইনজীবী