
শেষ আপডেট: 26 August 2022 07:05
দ্য ওয়াল ব্যুরো: রাখি পূর্ণিমার দিন বাড়ি ঘিরে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। নিজাম প্যালেসের জেরাপর্ব মিটিয়ে আপাতত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঠিকানা আসানসোল জেল। কৌশিকী অমাবস্যার প্রাক্কালে জানা গেল অনেকটা ওজন (Weight Loss) কমে গিয়েছে গরু পাচার মামলায় ধৃত তৃণমূলের বীরভূম জেলার সভাপতির।
তাহলে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়, কত ছিল আর কত হল?
আজ শুক্রবার কৌশিকী অমাবস্যা। বৃহস্পতিবার অনুব্রতর শারীরিক পরীক্ষা হয়েছিল। সেখানে দেখা যায় তাঁর ওজন দাঁড়িয়েছে ১০৯ কেজি ৯০০ গ্রাম! যে নার্স অনুব্রতর ওজন মাপেন তিনি সে কথা বলতেই নাকি অনুব্রত বলে ওঠেন, "আমার তো ১২০ কেজি ছিল। তাহলে কমে গিয়েছে।"
একটা পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্যে দশ কিলো ওজন কমিয়ে ফেলা মামুলি ব্যাপার না। ডায়েটে থাকা বহু স্থূলকায় মানুষ তপস্যা করেও এতটা মেদ ঝরাতে পারেন না। কিন্তু অনুব্রতর কার্যত হুহু করে ওজন কমেছে।
তাঁর ভারী চেহারার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বহুবার ধমক খেয়েছেন। একাধিক সাক্ষাৎকারে কেষ্ট মণ্ডল বলেছেন, দিদির বকুনির চোটেই বাড়িতে তাঁকে ট্রেড মিল কিনতে হয়েছে। রোজ সকালে নিয়ম করে হাঁটতেন সেখানে।
কিন্তু সেসব করেও অনুব্রত যে স্লিম হয়েছিলেন বা মেদ ঝরাতে পেরেছিলেন এমনটা বলা যাবে না। তবে সিবিআই হেফাজতের পক্ষকালেই দশ কিলো ওজন কমে গিয়েছে অনুব্রতর।
ইডি হেফাজতে পার্থরও ওজন কমেছিল। ভুবনেশ্বর এইমসের মেডিক্যাল রিপোর্টে উল্লেখ ছিল পার্থর ওজন ১১১ কেজি। দিন পনেরো পর জোকা ইএসআইতে তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওজন কমে গিয়েছে ১০৮। তবে অনুব্রতর ওজন বেশ অনেকটাই কমে গিয়েছে।
কৌশিকী অমাবস্যায় জেলেই নকুলদানা দিয়ে কালী পুজো করলেন অনুব্রত