
শেষ আপডেট: 6 July 2023 14:51
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগণা: ভোটের বলি আরও এক। নির্দল প্রার্থীর সমর্থক ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হল এক নির্দল সমর্থকের। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলপির দৌলতপুরে। মৃত নির্দল সমর্থকের নাম আলফাজ হালদার। যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি তাঁদের দলের অঞ্চল সভাপতি ছিলেন।
জানা যায়, গত সোমবার রাতে কুলপির দৌলতপুরে নির্দল প্রার্থী গৌতম হালদারের প্রচারে বেরিয়েছিলেন আলফাজ হালদার। সেই সময় চুন ফুলির মোড়ের কাছে তৃণমূল সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নির্দল সমর্থক আলফাজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেদিনই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
এদিন কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আলফাজের। সেই খবর গ্রামে পৌঁছাতেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে আলফাজের পরিচয় নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, আলফাজ হালদার কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন। যদিও দৌলতপুরে নির্দল প্রার্থী গৌতম হালদারের দাবি, আলফাজ তাঁরই অন্যতম সক্রিয় কর্মী ছিলেন।
বস্তুত, ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে একাধিক হিংসার ঘটনা। ভোটের বলি একাধিক। আহতের সংখ্যা অগুণতি। অবাধ ও সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমন আবহে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শনিবার ভোট। তার আগে এই মৃত্যুকে কেন্দ্র করে কুলপিতে উত্তেজনার আশঙ্কা করছে সবপক্ষই। পুলিশ জানিয়েছে, বিষয়টির দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শুভেন্দুকে দেখেই ‘চোর’, ‘চোর’ স্লোগান কুণাল-মদনের মঞ্চ থেকে, সাইজ করার হুঁশিয়ারি অধিকারীর