দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যায় পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে দেখা গিয়েছিল পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র তবলা বাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, এই সম্মান তিনি গ্রহণ করবেন না।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, তাঁর পদ্মশ্রী পুরস্কার পাওয়ার সময় পেরিয়ে গিয়েছে। অনেক দিন আগেই তাঁর পদ্মশ্রী পাওয়া উচিত ছিল। এখন এত দিন পরে এসে পদ্মশ্রী পাওয়াটা তাঁর মতো প্রবীণ শিল্পীর জন্য সম্মানজনক নয়।
ফারুখাবাদ ঘরানার তবলাশিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। নিখিল বন্দ্যোপাধ্যায়, রবি শঙ্কর, ওস্তাদ আলি আকবর খান, ওস্তাদ আমজাদ আলি খানের মতো বরেণ্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।
এদিন পদ্ম পুরস্কারের তালিকায় থাকা তিন বাঙালি সম্মান প্রত্যাখ্যান করেছেন। পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। পদ্মশ্রী ফিরিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।