দ্য ওয়াল ব্যুরো: নিয়ম মেনে মামলা এজলাসে না পাঠানোর অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান আইনজীবীদের একাংশ। এই প্রসঙ্গেই এদিন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। গোটা বিষয়টিতে রাজ্যের শাসকদলকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
এদিন অমিত মালব্য টুইটে লিখেছেন, বার অ্যাসোসিয়েশন যেখানে কোভিড পরিস্থিতির বাধ্যবাধকতা সত্ত্বেও কোর্টের কাজকর্ম চালু রাখতে চাইছে, সেখানে মুষ্টিমেয় কিছু আইনজীবী বিচারব্যবস্থায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন। তৃণমূলের জন্য এটা রীতিমতো লজ্জার, বলেছেন মালব্য। সর্বসাধারণের স্বার্থে ওই সমস্ত আইনজীবীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।
https://twitter.com/amitmalviya/status/1420070530514788364?s=20
উল্লেখ্য, মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও অরুনাভ ঘোষের মতো আইনজীবীরা একটি বৈঠক করেন। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেন এদিন দুপুরের পর থেকেই তাঁরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আর কোনও শুনানিতে অংশ নেবেন না।
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই মামলা এজলাসে নিয়ম মেনে পাঠানো হচ্ছে না এ নিয়ে হাইকোর্টে মতবিরোধ চলছিল। এদিন শেষ পর্যন্ত এই বর্ষীয়ান আইনজীবীরা সিদ্ধান্ত নেন, প্রধান বিচারপতির বেঞ্চ তাঁরা বয়কট করবেন। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, সিঙ্গেল বেঞ্চের মামলা নিয়মবহির্ভূত ভাবে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আইন ব্যবস্থার জন্য ঠিক নয়।
আইনজীবীদের একাংশের এই সিদ্ধান্তের পরেই টুইটে তৃণমূলকে খোঁচা দিয়েছেন অমিত মালব্য।