
শেষ আপডেট: 26 February 2023 09:43
দ্য ওয়াল ব্যুরো, সিউড়ি: সাতাশ বছরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) জন্য পুলিশকে দায়ী করল মৃতের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে গেল সিউড়িতে। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম তন্ময় দাস। যুবকের বাবা প্রদীপ দাসের অভিযোগ, 'ছেলের নামে মিথ্যা মামলা (Fake Police Case) করেছিল পুলিশ। তাই প্রচন্ড মানসিক চাপে ছিল তন্ময়। সেই চাপ সহ্য করতে না পেরেই ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।'
প্রদীপবাবু আরও জানান, 'লকডাউনের জন্য ছেলের কোনও কাজ ছিল না। তবু এই মামলা থেকে রেহাই পেতে ধার-দেনা করে এক লক্ষ টাকা জোগাড় করেছিল, সেই টাকাও খরচ করেও কোনও সুরাহা মেলেনি।'
স্থানীয় এক বাসিন্দা কল্যাণ দাস জানান, 'কলকাতার কুশল ভট্টাচার্য নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রথমে এই মামলা করা হয়েছিল। তন্ময়ের নাম সেখানে ছিলই না। পরবর্তীতে পুলিশ এই মামলায় তন্ময়ের নাম অন্তভূর্ক্ত করে।'
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, খুনের হুমকি! ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ মহিলার
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ওই যুবকের আত্মহত্যার সঙ্গে পুলিশের কোনওরকম যোগাযোগ নেই। ভিত্তিহীন অভিযোগ তুলে পথ অবরোধ করা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনা নিয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। ইতিমধ্যে পুলিশের গাড়ি ভাঙচুর করার জন্য পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।