
শেষ আপডেট: 18 August 2023 06:33
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ব়্যাগিংয়ের গুরতর অভিযোগ খড়গপুর আইআইটি-র(Kharagpur IIT) বিরুদ্ধে। অভিযোগ, কর্তৃপক্ষের একাংশের মদতেই খড়গপুর আইআইটির মতো নামী শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেই চলে ব়্যাগিংয়ের ঘটনা। এমনই অভিযোগে সরব হয়েছেন খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র ফয়জান আহমেদের মা রেহানা আহমেদ ।
ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনার তদন্ত। যাদবপুর কাণ্ড সামনে আসতেই ব়্যাগিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন ফয়জানের মা। তাঁর অভিযোগ, “হস্টেলে ছেলের ওপর অত্যাচার হত। আইআইটি কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ওরা পদক্ষেপ নিলে, আমাকে এভাবে সন্তানহারা হতে হত না।“
খড়গপুর আইআইটির (Kharagpur IIT) তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের দ্বিতীয় ময়নাতদন্তের পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁকে খুন করা হয়েছিল। খুনের কারণ হিসেবে পরিবারের বক্তব্যে উঠে আসছে, ব়্যাগিংয়ের জোরাল অভিযোগ।
মায়ের দাবি, “'আইআইটি কর্তৃপক্ষকে চিঠি লিখে ছেলের ওপর হওয়া অত্যাচারের কথা জানিয়েছিলাম। কোনও ব্যবস্থা তো নেয়নি, উল্টে যারা অত্যাচার করত, তাঁদের কাছে খবর পৌঁছে যেত।” গোটা ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি এবং মদত রয়েছে বলেই তাঁর অভিযোগ। এই বিষয়ে অবশ্য আইআইটি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি সামনে আসতেই নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্য।
গত বুধবার (৯ অগস্ট) রাতে যাদবপুরের মেন হস্টেলের (Jadavpur hostel) তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার (Jadavpur student death) । অভিযোগ ওঠে র্যাগিংয়ের। ওই ঘটনায় ইতিমধ্যে ৯জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের জেরা করে পুলিশের হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যাতে নিরাপত্তার বিষয়ে প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তাঁদের নজর এড়িয়ে এবং নিয়মের পরোয়া না করে কীভাবে দিনের পর দিন আইন ভেঙে প্রাক্তনীরা হস্টেলে পড়ে থাকতেন তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: সেই রাতে মৃত ছাত্রের স্বাক্ষর নকলের চেষ্টা! যাদবপুর থেকে উদ্ধার দ্বিতীয় রহস্যজনক ডায়েরি