দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন টাকা নিয়ে কলেজে ভর্তি তিনি একদম বরদাস্ত করবেন না। কিন্তু তারপরেও ছাত্র সংগঠনগুলোর টনক যে বিন্দুমাত্র নড়েনি তা প্রমান হয়ে গেল আরও একবার। টাকা নিয়ে কলেজে ভর্তি করার অভিযোগ উঠল বেলুড়ে।
অভিযোগ, বেলুড়ের লালবাবা কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করে এক ছাত্র। কিন্তু তার নম্বর কম থাকায় মেধা তালিকায় নাম ওঠেনি। তারপর সেই ছাত্রকে ভর্তি করিয়ে দেওয়ার বিনিময়ে ১৫ হাজার টাকা চায় ওই কলেজেরই ছাত্র সংসদের সদস্য জিৎ গাঙ্গুলি। কিন্তু ছাত্রের পরিবারের আর্থিক অবস্থা ভাল না হওয়ায় ৮ হাজার টাকায় রফা হয়।
পরিবারের অভিযোগ, প্রথমে অভিযুক্ত ১০০০ হাজার টাকা নেয়। বলা হয় সিট বুকিং-এর জন্য এই টাকা নেওয়া হচ্ছে। তারপর ছাত্রের রেজাল্টের জেরক্স কপি, সার্টিফিকেট চাওয়া হয়। তারপরেও ক্রমশ টাকার জন্য চাপ আসতে থাকে। তখনই পুলিশের দ্বারস্থ হয় নিরুপায় পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় জিৎকে। সম্পর্কে সে বালির প্রাক্তন বিধায়ক কণিকা গাঙ্গুলির ভাসুরপো।
জিতের বিরুদ্ধে প্রতারণা সহ বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে জিৎ। তবে তার দাবি অন্য কারোর মাধ্যমে ভর্তি করানো হত কলেজে। সে নিজে এই টাকা নিত না। এই চক্রের পিছনে আর কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।