
শেষ আপডেট: 6 September 2023 04:14
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যের বিশ্ববিদ্যালয়ে হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। হস্টেলের ভিতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল এক ছাত্র (student fell sick)। কিন্তু কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও নাকি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে অন্য ছাত্ররাই ওই পড়ুয়ার চিকিৎসার ব্যবস্থা করেন। তারপরেই গভীর রাতে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বাকি পড়ুয়ারা।
ঘটনাটি ঘটেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University)। অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রের নাম ওয়াহিদ রহমান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বায়োলজির তৃতীয় বর্ষের পড়ুয়া। সূত্রের খবর, ওয়াহিদ এমনিতেই ডায়াবেটিসে আক্রান্ত। মাঝেমধ্যেই তাঁর অসুস্থতা বাড়ত। মঙ্গলবার সন্ধ্যায় ফের অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। প্রবল মাথা যন্ত্রণায় রীতিমতো ছটফট করছিলেন ওই ছাত্র। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাকি ছাত্ররা হস্টেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায়। কিন্তু, তারপরেও কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। সেই ঘটনাতেও কাঠগড়ায় উঠেছে হস্টেল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বগুলার ওই ছাত্রের পড়ে যাওয়ার খবর পাওয়ার পরও হস্টেল সুপার কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও সুপারের ভূমিকা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তার মধ্যেই রাজ্যেরই অন্য এক বিশ্ববিদ্যালয়ে হস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিক্ষোভের সামিল হলেন পড়ুয়ারা। যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপাচার্য কিংবা হস্টেল চেয়ারম্যান কারও তরফেই ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মমতার হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! মাঝরাতে ফের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল