
শেষ আপডেট: 12 September 2023 18:37
দ্য ওয়াল ব্যুরো: জেলখানার নাম বদলে খাতায় কলমে করা হয়েছে সংশোধনাগার। কিন্তু সংশোধনাগারের বহু ক্ষেত্রেই আরও বদল প্রয়োজন বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury angry about method of meeting prisoners in jail)।
সম্প্রতি মুর্শিদাবাদের রানিনগর থানায় ভাঙচুর ও তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে রানিনগর-২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি কুদ্দুস আলি সহ মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ধৃত কংগ্রেস কর্মীদের বর্তমানে রাখা হয়েছে লালবাগ উপ- সংশোধনাগারে। উকিলকে সঙ্গে নিয়ে আজ সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধীর। সেখানেই আর পাঁচজন বন্দির পরিবার যেভাবে দেখা করেন, সেভাবেই অধীরকে দলের ধৃত কর্মীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় বলে অভিযোগ।
অধীরের কথায়, “আরে ব্যক্তি অধীরের ওপর এই সরকারের পুলিশের রাগ থাকতেই পারে। কিন্তু আমার পদটাকে তো ওদের মর্যাদা দেওয়া উচিত ছিল। আমি শুধু একজন সাংসদ বা প্রদেশ কংগ্রেস সভাপতি নয়, আমি লোকসভার বিরোধী দলনেতা, লোকসভার একাধিক কমিটির সদস্য।” একই সঙ্গে তিনি বলেন, “সাধারণ বন্দিদের পরিবারের লোকেরা প্রিয়জনদের সঙ্গে দেখা করতে এসে কী পরিমাণ কষ্ট পান, সেটা দেখে গেলাম।”
আজ অধীর বাবু উকিলকে নিয়ে যান দলের কর্মীদের সাথে কথা বলতে। তবে সেখানে তাকে সেভাবে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। বরং এমন বন্দোবস্ত করা হয়েছে সেখানে- যেন কাশ্মীরের কোনও সন্ত্রাসবাদীর সাথে দেখা করতে গিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
এবারের ভোটে রানিনগর পঞ্চায়েত সমিতির দখল নেয কংগ্রেস। মোট ২৭টি আসনের মধ্যে বাম-কংগ্রেস জোট জয়ী হয় ১৪টি আসনে। সভাপতি করা হয় কংগ্রেসের কুদ্দুস আলিকে। অভিযোগ, জোর করে পঞ্চায়েত সমিতির দখল নিতে গত শুক্রবার পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ। এমনকী আদালতে যাওয়ার পথে সম্প্রতি কুদ্দুস অভিযোগ করেন, তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন থানার বড়বাবু। আদালতের নির্দেশে ইতিমধ্যে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠনের প্রক্রিয়া স্থগিত রয়েছে। এরপরই কুদ্দুস সহ ধৃত দলীয় নেতা, কর্মীদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার লালবাগ উপ সংশোধনাগারে গিয়েছিলেন অধীর।
আরও পড়ুন: 'কর্মীরাই ভরসা করতে পারছেন না, সাধারণ মানুষ কীভাবে করবেন?' বিজেপির বিরুদ্ধে প্রচারে নামছে তৃণমূল