
শেষ আপডেট: 2 May 2022 13:23
দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনা মেমারিতে (Accident)। দুটি ভ্যান রিক্সাকে ধাক্কা মেরে জি টি রোডের পাশে নয়ানজুলিতে উল্টে যায় একটি চারচাকা গাড়ি। কোনও মতে প্রাণে বাঁচে এক মাসের একটি শিশু ও তার পরিবার (Memari)।
পূর্ব বর্ধমানের মেমারি শহরের পথসাথীর কাছে জি টি রোডের পাশে নয়ানজুলিতে উল্টে যায় চারচাকা গাড়িটি (Accident)। গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তার মধ্যে ছিল এক মাসের শিশু ও দুজন মহিলা। নয়নজুলিতে পানা, আগাছা থাকায় চারচাকাটি জলে ডুবে যায়নি। যাত্রীদের আঘাতও তেমন গুরুতর নয়। চালক ঘুমিয়ে যাওয়াতেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। গাড়িটি কল্যাণী থেকে রানিগঞ্জ যাচ্ছিল। এক মাসের শিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছিল শিশুর মা। দুর্ঘটনায় সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।
আরও পড়ুন: মমতা কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, অভিষেক কবে নবান্নে, জানালেন কুণাল ঘোষ
দূর্ঘটনার খবর পেয়েই মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে জল থেকে টেনে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি রানিগঞ্জের দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তার বাঁদিক থাকা দুটি ভ্যান রিক্সাকে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ে যায়।
সোমবার সকালেই মেমারির কানাইডাঙ্গার কাছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে করুণাময়ী থেকে আসানসোলগামী দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস। দুর্ঘটনায় সাতজন যাত্রী জখম হন। এঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। যাত্রীরা জানান, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় একটি লরিকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। ডিভাইডারে ধাক্কা মেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কানাইডাঙ্গা সেচখালের সেতুর উপর ঝুলতে থাকে।