
শেষ আপডেট: 1 January 2023 14:09
দ্য ওয়াল ব্যুরো: সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক (TMC Meeting) রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই বৈঠকের ২৪ ঘণ্টা আগে তৃণমূল ভবনের ভিতপুজোর অনুষ্ঠান থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক। এদিন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'কালকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা নজর রাখুন।'
রবিবার অভিষেকের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আগামীকাল কি বড় কোনও চমক আছে? এই বড় চমক বলতে অনেকেই মনে করছেন, সোমবার অন্য দল থেকে কেউ তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও এব্যাপারে আজ কিছু খোলসা করেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকালের মিটিং নিয়ে কিছুটা রহস্যই রেখে দিলেন অভিষেক।
তিনি এদিন বলেন, 'আগামীকাল দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলের বিধায়ক-সাংসদ থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিক নির্দেশকা দেবেন। আগামীদিনে আমরা সেই নির্দেশ মেনেই কাজ করব এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব।'
এরপরই তিনি বলেন, 'কালকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব আপনারা একটু নজর রাখুন।' অভিষেকের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অভিষেকের 'নজর রাখুন' মন্তব্য নিয়ে অনেকেই মনে করছেন, শুধু নির্দেশ নয়, আরও কিছু চমক অপেক্ষা করছে।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করতে গিয়ে অভিষেক বলেছিলেন, 'আমি যদি দরজাটা একবার খুলি না, তাহলে বিজেপি পার্টিটা উঠে যাবে।’ এর পরেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি বাংলায় ফের একবার বিজেপির ভাঙন দেখা যাবে? সেই জল্পনাই এদিন ফের একবার উস্কে দিল অভিষেকের 'নজর রাখুন' মন্তব্যের পর।
এই প্রসঙ্গে এদিন অভিষেককে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, 'আপনারা কি অপেক্ষা করে আছেন দরজা কবে ফাঁক হবে? পলিটিক্সে টাইমিং গুরুত্বপূর্ণ, তাই ঠিক সময়ে, দরজা ফাঁক শুধু নয়, পুরো খোলাই হবে।' এখন দেখার, এই দরজা কি আগামীকালই খুলবে? সেই দরজা দিয়েই কি বিজেপির কেউ আসবে তৃণমূলে? তৃণমূলের ভিতপুজো অনুষ্ঠানে সেই জল্পনা জিইয়ে রেখে দিলেন অভিষেক।
শুভেন্দুর জেলায় আবাস দুর্নীতি সবচেয়ে বেশি! দাবি অভিষেকের, সরব জয়শ্রীরাম নিয়েও