
শেষ আপডেট: 11 June 2023 11:29
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ঠাকুরনগরে মতুয়াধাম বা ঠাকুর মন্দিরে পুজো দিতে আসার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই সকাল থেকে এলাকার তৃণমূল নেতৃত্ব মন্দির চত্বর সাজানো শুরু করে। কিন্তু দুপুর গড়াতেই চিত্র পাল্টে যায়। মতুয়াদের একাংশের সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল নেতা-কর্মীদের। ভেঙে ফেলা হয় অভিষেকের জন্য তৈরি করা তোরণও। তৃণমূলের অভিযোগ, এলাকার সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বেই এমন কাণ্ড ঘটিয়েছে বিজেপি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, যে মূল মন্দিরের ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিন গাইঘাটা থেকে রওনা দিয়ে বিকেলের দিকে ঠাকুরনগর পৌঁছন অভিষেক। কিন্তু মূল মন্দিরের দরজা বন্ধ থাকায় ভেতরেই ঢুকতে পারলেন না তিনি। পাশের মন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। তারপর বাইরে এসে সরাসরি শান্তনুকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, 'মতুয়াধাম কারও পৈতৃক সম্পত্তি নয়। আমি তিন মাস পর আবার আসব। পারলে আটকান।'
রবিবার সকাল থেকেই তৃণমূলের 'নবজোয়ার' কর্মসূচিকে কেন্দ্র করে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে চলছিল রাজনৈতিক চাপান-উতোর। অভিষেককে মন্দিরের ভেতরে ঢুকতে দেবেন না বলে, হুঁশিয়ারিও দিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের নেতা শান্তনু ঠাকুর।
এদিকে, ঠাকুরবাড়ির আর এক প্রতিনিধি প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর অভিষেককে আহ্বান জানান। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার আগে তাই ঠাকুরবাড়িতে পুজো দিতে এসেছিলেন অভিষেক। কিন্তু মূল মন্দিরে ঢুকতে না পেরে মন্দির চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, 'ধর্মকে সামনে রেখে যাঁরা রাজনীতি করছে, তাঁদের পতন অনিবার্য।'
তারপরই শান্তনুকে চ্যালেঞ্জ করে তৃণমূল সাংসদ বলেন, 'এখানে কোথায় রাস্তাঘাট, জল-কলের কাজ বাকি আছে, সামনে এসে বলুন। যে রাস্তাঘাট দিয়ে হেঁটে তৃণমূলকে চমকাচ্ছেন, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন।'
এরপরই শান্তনুর প্রতি সুর আরও কড়া করে অভিষেক বলেন, 'আপনি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন। আপনি ধর্ম বাড়িতে করুন, ঠাকুরবাড়ির কারও পৈতৃক সম্পত্তি নয়। বড়মা (পড়ুন বীণাপানি দেবী) যতদিন বেঁচে ছিলেন, তখন বিজেপির কেউ খবর নেয়নি।'
অভিষেক বলেন, 'উনি (পড়ুন শান্তনু ঠাকুর) বলেছেন, আমি চলে যাওয়ার পর ঠাকুরবাড়ির মাটিটা গোবরজল দিয়ে ধোবেন। শান্তনু ঠাকুরকে বলব, আমি তিন মাস অন্তর অন্তর ঠাকুর বাড়ি আসব। দম থাকলে আটকে দেখিও।' তৃণমূল নেতা আরও বলেন, 'এখানে আমার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। শুধু পুজো দিতে এসেছিলাম। সেখানে ওরা যেটা করল, তা মানুষ মেনে নেবে না। উচিত জবাব দেবে।'
ভাঙড়ে আইএসএফ কর্মীর মুরগির ঘর থেকে উদ্ধার বোমা! ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ