
শেষ আপডেট: 22 November 2022 14:10
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের সাগর দত্ত হাসপাতালে (Sagar Dutta Hospital) নিরাপত্তারক্ষীর (security guard) বিরুদ্ধে রোগীর আত্মীয়কে নিগ্রহের (physically abused) অভিযোগ উঠল। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকায়। অভিযোগ পেয়েও বিষয়টিকে ছোট ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন হাসপাতালের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্যামনগর বটতলা এলাকার বাসিন্দা অঞ্জলি সিং তাঁর এক অসুস্থ আত্মীয়কে সঙ্গে নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে যান। অভিযোগ, সেই সময় সেখানে কর্মরত নিরাপত্তারক্ষী বাইরে দাঁড়িয়ে থাকা অসুস্থ ব্যক্তির স্ত্রী'র সঙ্গে দুর্ব্যবহার করে। ঘটনাটি দেখতে পেয়ে অঞ্জলি সিং প্রতিবাদ করলে তাঁকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ।
নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক বিষয়টিকে ছোট ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই অঞ্জলি সিং ও তাঁর পরিবার কামারহাটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে একজন মহিলাকে শারীরিক নিগ্রহের বিষয়টি ফোন মারফত জানানো হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও। তিনি ঘটনাটি খতিয়ে দেখার এবং অভিযুক্তের শাস্তির আশ্বাস দেন।