অচেনা পোকার কামড়ে বিষক্রিয়া! তিন হাসপাতাল ঘুরে মৃত্যু হল বৈদ্যবাটির তরুণীর
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির মশা নিয়ে যখন গোটা রাজ্য চিন্তিত, তখন একটি বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর! বৈদ্যবাটির বৈদ্যপাড়া নিশীথ সেন সরণির এই ঘটনায় এখনও অন্ধকারে চিকিৎসকরা। ঠিক কোন পোকার কারণে কী ধরনের বিষক্রিয়া হল, তা এখনও জানতে পা
শেষ আপডেট: 21 November 2019 13:38
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির মশা নিয়ে যখন গোটা রাজ্য চিন্তিত, তখন একটি বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর! বৈদ্যবাটির বৈদ্যপাড়া নিশীথ সেন সরণির এই ঘটনায় এখনও অন্ধকারে চিকিৎসকরা। ঠিক কোন পোকার কারণে কী ধরনের বিষক্রিয়া হল, তা এখনও জানতে পারেননি তাঁরা।
৩২ বছরের সুদীপা নন্দীর মৃত্যুর পরে তাঁর পরিবার জানিয়েছে, সুদীপার স্বামী সুজয় নন্দী পেশায় সিআরপিএফ জওয়ান। গত ১৩ নভেম্বর সকাল দশটা নাগাদ কাশ্মীরের কর্মস্থল থেকে বাড়ি ফেরেন সুজয়। এর পরে পরিবারের সকলের সঙ্গে কথা বলে, দুপুরের খাওয়া সেরে, তিন বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ঘুমোতে যান তিনি। এই সময়ে স্নান করতে যান সুদীপা।
সুজয় নন্দী জানিয়েছেন, তিনতলার বাথরুমে স্নানের সময়েই তাঁর স্ত্রী সুদীপার হাতের কব্জিতে বিষাক্ত কিছু কামড়ায়।সঙ্গে সঙ্গে তাঁর হাত ফুলে নীল হয়ে যায়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্থানীয় চিকিৎসকের খোঁজ না পেয়ে, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই সময়ে শুরু হয় রক্তবমি। ফলে সেখান থেকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানেও ভর্তি করা যায়নি, শিশুমঙ্গল পাঠিয়ে দেয় এসএসকেএমে।
আরও পড়ুন:
রাগী পিঁপড়ের মুখ দেখেছেন কখনও, কৃমির ডিম কিংবা মৌমাছির নাকের ডগায় পরাগরেণু
এসএসকেএমে ভর্তি হওয়ার পরে একাধিক বার তাঁর শরীরের রক্ত বদল করা হয়। কিন্তু সুদীপার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। অবশেষে বুধবার দুপুরে মৃত্যু হয় তাঁর। কিন্তু ঠিক কিসের কামড়ে এত তাড়াতাড়ি এত তীব্র বিষক্রিয়া, তা স্পষ্ট বুঝতে পারেননি চিকিৎসকরা। সুদীপার পরিবারও সঠিক বুঝে উঠতে পারেননি বাথরুমে কোন পোকা কামড়াল তাঁকে!
এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার। এলাকাতেও ছড়িয়েছে আতঙ্ক। আগে কখনও এলাকায় এমন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। সুদীপার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।