
শেষ আপডেট: 21 February 2024 14:01
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: উত্তরপত্রের জায়গায় প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি চলে গেল এক পরীক্ষার্থী। পরে পুলিশ গিয়ে সেই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে চর্চা শুরু হয়েছে। পরীক্ষার হলে উপস্থিত শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
ওই পরীক্ষার্থী বরদাকান্ত স্কুলের ছাত্র। তার সিট পড়েছে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। মঙ্গলবার ছাত্রটি পরীক্ষা দিতে যায় এবং পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসে। উত্তরপত্র মেলাতে গিয়ে পরীক্ষকরা দেখেন, ওই পরীক্ষার্থী উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়েছে। সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় বরদাকান্ত স্কুলে। সেখান থেকে ওই ছাত্রের ঠিকানা পাওয়া যায়। পরে পুলিশ নিয়ে শিক্ষকরা হাজির হন ছাত্রের বাড়িতে। সেখান থেকে উত্তরপত্র উদ্ধার করে। ইতিমধ্যেই ওই ছাত্রের বিরুদ্ধে সংসদের কাছে রিপোর্ট করা হয়েছে। সংসদ সূত্রে জানা গেছে, এক্ষেত্রে ওই স্কুলের কর্তব্যরত দুই শিক্ষকের ভূমিকাও তাঁরা যাচাই করবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতেই নানান বিতর্কিত ঘটনা সমানে এসেছে। পরীক্ষার প্রথম দিনেই রায়গঞ্জে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন বিক্রির অভিযোগ উঠেছিল। এরপরেই পরীক্ষার হল পরিদর্শনের সময়ে ভিডিও করার অভিযোগ উঠে মুর্শিদাবাদের জেলা সভাপতির বিরুদ্ধে। এবার আরও এক নতুন ঘটনা সামনে এল।