
শেষ আপডেট: 25 August 2023 18:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সংসারে নিত্য অশান্তি লেগেই ছিল। তাই রাগে-দুঃখে স্বামীর সংসার ছেড়ে বাপেরবাড়ি গিয়ে উঠেছিলেন এক মহিলা! স্ত্রী কেন বাপের বাড়ি যাবে, কেনইবা সংসার করবে না, এই রাগে শ্বশুর-শাশুড়ি সহ ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল সাধন বিশ্বাস নামে যুবক (a man stabbs 6 family member)!
স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা (Gaighata) থানার দীঘা কলোনিপাড়ার সাধন বিশ্বাসের সঙ্গে বছর ১৩ আগে বিয়ে হয় ঢাকুড়িয়া শক্তি পাড়ার মেয়ে তৃপ্তির। প্রথম প্রথম বিবাহ জীবন ভালই কাটছিল, এই দম্পতির। কিন্তু বছর কয়েক যেতে না যেতেই বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরে।
স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। অভিযোগ, তৃপ্তিকে নাকি মারধর করত সাধন। তারপরই তৃপ্তি ঠিক করেন, আর সংসার করবেন না। তাই স্বামীকে জানিয়ে বাপের বাড়ি চলে যান তিনি। অভিযোগ সেই আক্রোশ থেকে বৃহস্পতিবার মধ্যরাতে শ্বশুরবাড়িতে হানা দেয় সাধন। ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর-শাশুড়ি, এবং শ্যালককে কোপ মারে সে।
এখানেই ক্ষান্ত হয়নি সাধন। বাড়ি ফিরে মা-জেঠু ও প্রতিবেশী এক মহিলাকেও একই অস্ত্রের কোপ মারে সাধন। সাধনের জেঠু ভোপাল বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে বনগাঁ হাসপাতালে।
সাধনের বাবা শ্যামল বিশ্বাসের দাবি, তাঁর বৌমার অন্যত্র বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। যা নিয়ে সংসারে অশান্তি হত। বৌমা চলে যাওয়ার পর ছেলের মাথায় সমস্যা দেখা গিয়েছে বলেও দাবি শ্যামলের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। সাধনকে আটক করে তদন্ত চালাচ্ছে তারা।
আরও পড়ুন: তালাবন্ধ ঘরে কীভাবে আত্মহত্যা? দুর্গাপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় রহস্য, খুনের অভিযোগ পরিবারের