
শেষ আপডেট: 17 October 2023 16:30
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গরু বাঁধতে গিয়ে বাইসনের গুঁতোয় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা দুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গারখুঁটা এলাকায়। জখম ওই ব্যক্তির নাম নবকান্ত রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনই ৬৫ বছরের নবকান্তবাবু পালিত গরু নিয়ে মাঠে বাঁধতে গিয়েছিলেন। আচমকাই পিছন থেকে একটি বাইসন তাঁর উপর হামলা চালায়। বাইসনের শিংয়ের গুঁড়োয় মারাত্মকভাবে জখম হন নবকান্ত রায়। স্থানীয়রা বাইসনকে ওই ভাবে হামলা করতে দেখে নবকান্তকে বাঁচাতে যান। গ্রামবাসীদের লাঠি ও সোঁটা নিয়ে ছুটে আসতে দেখে বাইসনটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার পাশেই রয়েছে সোনাখালির জঙ্গল। সেখান থেকে বাইসনটি বেরিয়ে গ্রামের দিকে চলে এসেছিল । এক ব্যক্তির উপর হামলা করার পরে বাইসনটি জঙ্গলে ফিরে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা যান।
এদিনই জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে এক গ্রামবাসীর বাড়িতে ঢুকে হামলা চালায় একটি দলছুট হাতি। শুঁড়ে প্যাঁচিয়ে এক ব্যক্তিকে আছাড় মারলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।