
শেষ আপডেট: 12 October 2022 06:37
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার ভরসন্ধেয় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Potashpur) লরির চাকায় পিষ্ট (accident) হল দু'বছরের এক শিশু। ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয় যান চলাচল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
পটাশপুর থানার অন্তর্গত খড়াই বাজারের মনসাতলার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বাইকে চেপে বাবা-মা'র সঙ্গে যাচ্ছিল ওই শিশুটি। মনসাতলার কাছে রাস্তায় বড় গর্তের মধ্যে চাকা পড়ে বাইকটি উল্টে যায়। সেখান থেকে ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়ে শিশুটি। তখনই পিছন থেকে আসা একটি লরি বাচ্চাটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই একরত্তির।
স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে সেখানে। শিশুটির মা ও বাবা'কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের গাড়ি ঘেরাও করে চড়াও হয় সবাই।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। আজ এই বেহাল সড়কের কারণেই একটা শিশুর প্রাণ চলে গেল।
মহিষাদলে উদ্ধার লক্ষাধিক টাকার বাজি, আটক এক! পাঁশকুড়া বিস্ফোরণের পরে কড়া প্রশাসন