দ্য ওয়াল ব্যুরো: নদীর ধারে গুটিগুটি পায়ে হেঁটে বেড়াচ্ছিল সে। তাকে দেখতে ভিড় জমে গেল চারপাশে। এত বড় কচ্ছপ যে সচরাচর দেখাই যায় না।
ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার মাচাতোড়ার পাথরডাঙায় শিলাবতী নদীর ধারে। সেখানকার এক মন্দিরের পাশ থেকে এদিন উদ্ধার হয় একটি দু’ফুট লম্বা কচ্ছপ। ওজন প্রায় ১২ কেজি। সোমবার ভোরে কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরে সিমলাপাল বন দফতরের আধিকারিকদের হাতে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়। সিমলাপালের বন আধিকারিক শুভাশিস চৌধুরী জানান, কচ্ছপটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে সব ঠিক থাকলে জঙ্গলে জলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে।
এই কচ্ছপটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে মনে করা হচ্ছে। তার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে গভীর জঙ্গলে যে জলাশয় রয়েছে সেখানে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। এদিন সকালে এত বড় কচ্ছপের দেখা মেলার খবর চাউর হয়ে যায় রাতারাতি। তারপরেই শিলাবতী নদীর ধারে ভিড় জমে যায়। কচ্ছপ দেখতে ছুটে আসেন অনেকেই। পরে সেখান থেকে কচ্ছপটিকে উদ্ধার করে পুলিশ।