
শেষ আপডেট: 26 December 2023 15:32
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার সামনে দাঁড়িয়েছিল চার বছরের ছোট্ট শিশু। আচমকাই অনিয়ন্ত্রিত গতিতে আসা লরি পিষে দিয়ে যায় শিশুটিকে। চোখের নিমেষে ছটফট করতে থাকে একরত্তি। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকার মর্মান্তিক ঘটনাটিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।
মঙ্গলবার সকালে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙি গ্রামে ঘটনাটি ঘটে। বাড়ির সামনে লরির চাকায় পিষে মৃত্যু হয় চারবছরের শিশুকন্যার। মৃত শিশুর নাম মরিয়ম নেশা। মঙ্গলবার সকালে ন’টার সময় মারাডাঙ্গি গ্রামে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল মরিয়ম। সেই সময় বেপরোয়া এক লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে চাকায় পিষে দেয় বলে অভিযোগ।
ঘটনাটিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রাস্তা অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। অভিযোগ, নিত্যদিন ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরিগুলি বেপরোয়াভাবে রাজ্য সড়কের উপর দিয়ে যাতায়াত করে। গতির উপর কোনও নিয়ন্ত্রণই থাকেই না চালকদের। ঘাতক লরিটিকে আটকে রাস্তায় ব্যারিকেড করে অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। অবরুদ্ধ হয়ে পড়ে তুলসীহাটা-কুশিদা রাজ্যসড়কের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি। ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের ঘিরেও চলে বিক্ষোভ। শেষে দীর্ঘক্ষণ পর পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি।
সাতসকালে সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ দিনমজুর বাবা-মা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। বাবা শাহেনশাহ আলি জানিয়েছে, "পুলিশ এই রাস্তায় উপর লরির দাপট নিয়ন্ত্রণে না আনলে আরও অনেক প্রাণ অকালে চলে যাবে। আরও অনেক বাবা-মা-র কোল খালি হয়ে যাবে।” ঝাড়খণ্ডের ঘাতক লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।