চাষের জমির ওপর দিয়ে জিআই তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার হরিপাল থানার চন্দনপুর গ্ৰাম পঞ্চায়েতের বাজেদিগরিয়া গ্রামে চাষের জমির ওপর দিয়ে কেবলের সঙ্গে জড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল জিআই তার। গ্রামবাসীরা কেবল ব্যবসায়ীদের বলেছিলেন, যে কোনও সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা যেতে পারে
শেষ আপডেট: 1 July 2020 17:26
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার হরিপাল থানার চন্দনপুর গ্ৰাম পঞ্চায়েতের বাজেদিগরিয়া গ্রামে চাষের জমির ওপর দিয়ে কেবলের সঙ্গে জড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল জিআই তার। গ্রামবাসীরা কেবল ব্যবসায়ীদের বলেছিলেন, যে কোনও সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা যেতে পারেন। কিন্তু কেবল ব্যবসায়ীরা সেকথা শোনেননি। সেই আশঙ্কাই সত্যি হল বুধবার।

এদিন সকালে জিআই তারের সংস্পর্শে এসে একটি গরুর মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে অষ্টবালা মালিক নামে এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে গোকুল ধাড়া ও ভিকু সী নামে আরও দু'জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনজনই অচেতন অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিয়ে যান হরিপাল গ্রামীণ হাসপাতালে। সেখানে অষ্টবালা মালিক (৬০) ও গোকুল ধাড়া (৬৪)-কে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ভিকু সী-কে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া জেলা হাসপাতালে।

ওই ঘটনার পরে গ্রামে উত্তেজনা দেখা যায়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু'জনের মৃত্যু নিয়ে তদন্ত করছে পুলিশ।