দ্য ওয়াল ব্যুরো: ভোটের দিন করিমপুরের যে বুথের সামনে হেনস্থার শিকার হয়েছিলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার সেই বুথে ভোটের ফলও নিরাশ করল বিজেপি প্রার্থীকে। ৭৪০ভোটের মধ্যে মাত্র ২টি ভোট পেয়েছেন জয়প্রকাশবাবু। নোটার থেকে মাত্র একটা ( ১ ) বেশি।
২৫ নভেম্বর নির্বাচনের দিন করিমপুরের পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি থেকে নামার পরেই বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ধাক্কা দেওয়া হয় তাঁকে। লাথি মেরে পাশের ঝোঁপের মধ্যে ফেলে দেওয়া হয় জয়প্রকাশবাবুকে। এই নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। সেদিন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যেভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা ভোটের ফলেও তার প্রকাশ দেখা গেল।
বৃহস্পতিবার ফল বেরালে দেখা যায় ওই প্রাথমিক বিদ্যালয়ের ৩২ নম্বর বুথে মোট ভোট পড়েছে ৭৪০টি। তার মধ্যে ৭০৭টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। ২৭টি ভোট পেয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী গোলাম রাব্বি। জয়প্রকাশ মজুমদার পেয়েছেন মাত্র ২টি ভোট। তাঁর থেকে বেশি ভোট পেয়েছেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির দোলা সিংহ রায়ও ( ৩ )।
পাশের ৩৩ নম্বর বুথেও অবস্থা খারাপ বিজেপি প্রার্থীর। সেখানে ৭৮৫টি ভোটের মধ্যে বিমলেন্দুবাবু পেয়েছেন ৬৩৪টি ভোট। সিপিএমের গোলাম রাব্বি পেয়েছেন ১০৪টি ভোট। জয়প্রকাশ পেয়েছেন মাত্র ৩৮টি ভোট।
করিমপুরের সার্বিক ছবিটাও কিন্তু একই রকমের। সেখানে মানুষ ভরসা রেখেছেন শাসকদলের উপরেই। ভোটের দিন জয়প্রকাশবাবু, মুকুল রায়রা যতই বলুন না কেন তাঁরা জিতবেন আদতে দেখা গিয়েছে উল্টো ছবিটাই। জয়প্রকাশ মজুমদারকে ( ৭৮৫৬০ ) ২৪০৭৩টি ভোটে হারিয়েছেন তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় ( ১০২৬৩৩ )।